সংবাদ কলকাতা— রাজ্যে দুর্নীতি ও বিভিন্ন ধরনের অপরাধের বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানানোর জন্য চারটি টোল-ফ্রি হেল্পলাইন নম্বর চালুর ঘোষণা করল রাজ্য সরকার। কাটমানি, অবৈধ টোল আদায়, বেআইনি মদের ঠেক-সহ যে কোনও ধরনের দুর্নীতি বা অপরাধের অভিযোগ এবার এই টোল-ফ্রি নম্বরে জানাতে পারবেন সাধারণ মানুষ। অভিযোগ পাওয়ার পর তা খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সরকার।
রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে চারটি টোল-ফ্রি নম্বরের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, নবান্নে একটি আধুনিক কন্ট্রোল রুম তৈরি করা হচ্ছে। সেখান থেকেই হেল্পলাইন নম্বরে আসা সমস্ত অভিযোগ গ্রহণ, যাচাই এবং পরবর্তী পদক্ষেপের কাজ পরিচালিত হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত সাধারণ মানুষ এই নম্বরগুলিতে ফোন করে অভিযোগ জানাতে পারবেন।

হেল্পলাইন পরিষেবা চালুর পাশাপাশি মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে বলেন, এই ব্যবস্থার কোনও ধরনের অপব্যবহার করা যাবে না। ব্যক্তিগত শত্রুতা বা প্রতিহিংসার কারণে কেউ যদি ইচ্ছাকৃতভাবে মিথ্যা অভিযোগ করেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাই দায়িত্বশীলতার সঙ্গে সঠিক তথ্য দিয়ে অভিযোগ জানানোর আবেদনও করেন তিনি।
রাজ্যের মুখ্যসচিব মনোজ অগ্রবাল জানান, টোল-ফ্রি নম্বরে আসা প্রতিটি ফোনকল রেকর্ড করা হবে। ভবিষ্যতে প্রয়োজন হলে সেই রেকর্ড পুনরুদ্ধারেরও ব্যবস্থা থাকবে। অভিযোগ দ্রুত বাছাই ও শ্রেণিবিন্যাসের জন্য প্রথম পর্যায়ে কৃত্রিম মেধার ব্যবহার করা হবে। এরপর সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকরা প্রতিটি অভিযোগ বিস্তারিতভাবে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। নির্দিষ্ট সময় অন্তর কতগুলি অভিযোগ জমা পড়েছে এবং তার ভিত্তিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তার রিপোর্ট সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে।
এ দিন পুলিশ প্রশাসনের পরিকাঠামো উন্নয়ন ও কর্মীদের কল্যাণে একাধিক ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্য ও কলকাতা পুলিশের জন্য একটি কল্যাণ পরিষদ গঠন করা হবে। পাশাপাশি বর্তমানে পুলিশ বিভাগে থাকা প্রায় ৪৭ হাজার শূন্যপদ দ্রুত পূরণ করার পাশাপাশি ভবিষ্যতে মোট এক লক্ষ নিয়োগের লক্ষ্য নেওয়া হয়েছে। প্রতি লক্ষ জনসংখ্যার অনুপাতে পুলিশের সংখ্যা ধাপে ধাপে ২০০-তে উন্নীত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। বর্তমানে রাজ্যে প্রতি লক্ষ জনসংখ্যায় পুলিশের সংখ্যা ১০৬।

পুলিশকর্মীদের শারীরিক সক্ষমতা বাড়াতে নিয়মিত খেলাধুলার উপর জোর দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্যের ৫৫২টি থানার মধ্যে অন্তত ২৫০টি থানার পরিকাঠামো কেন্দ্রীয় সহযোগিতায় উন্নত করা হবে। পাশাপাশি ১৫ বছরের বেশি সময় ধরে কর্মরত পুলিশকর্মীদের নিজ জেলায় কাজের সুযোগ দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে বলেও জানান তিনি। এছাড়া আগামী অক্টোবর মাস থেকে পুলিশকর্মীদের রেশন ভাতা ৫০০ টাকা বাড়িয়ে ২ হাজার টাকা করার ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী।
