কার্শিয়াঙ: পাহাড়ের উন্নয়নে রাজ্য সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়ে একগুচ্ছ উন্নয়নমূলক ঘোষণার কথা শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কার্শিয়াঙে জনকল্যাণ শিবিরে যোগ দিয়ে তিনি জানান, কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে পাহাড়ের সার্বিক উন্নয়নের জন্য ইতিমধ্যেই রোডম্যাপ তৈরি করা হয়েছে|
মুখ্যমন্ত্রী বলেন, “পাহাড়ের উন্নয়নের জন্য রোডম্যাপ তৈরি। ধীরে ধীরে সব হবে। কেন্দ্র ও রাজ্য সরকার মিলে এই কাজ করবে। আপনারা নিশ্চিত থাকুন। এখানে ঘুরতে নয়, কাজ করতে আসি।”শুভেন্দু জানান, কালিম্পংয়ে একটি মেডিক্যাল কলেজ গড়ে তোলা হবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের ‘খেলো ইন্ডিয়া, জুড়ো ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন করা হবে। স্টেডিয়াম-সহ বিভিন্ন ক্রীড়া সুবিধা বৃদ্ধির দিকেও নজর দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
এছাড়া আগামী ১ জুলাই থেকে পাহাড়ের পঞ্চায়েত এলাকাগুলিতে ১২৫ দিনের কাজ প্রকল্প চালু হবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে পুলিশে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এবং সেখানে ৩৩ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে বলে জানান তিনি।
তৃণমূল আমলে পাহাড় বঞ্চিত হয়েছে বলে অভিযোগ তুলে শুভেন্দু দাবি করেন, বিজেপি সরকার পাহাড়বাসীর প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর। তাঁর কথায়, উন্নয়ন ও কর্মসংস্থানের মাধ্যমে পাহাড়ে নতুন অধ্যায়ের সূচনা হবে।
