গ্লাসগো: কমনওয়েলথ গেমসে ভারতের পদক তালিকায় আরও একটি সাফল্য যোগ করলেন ভারতের ভারোত্তোলক বিন্দিয়ারানি দেবী সোরোখাইবাম। মঙ্গলবার গ্লাসগো কমনওয়েলথ গেমসের মহিলাদের ৫৮ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতে টানা দ্বিতীয় কমনওয়েলথ গেমসে পদক নিশ্চিত করলেন মণিপুরের এই তারকা ভারোত্তোলক।
বিদ্যারানি মোট ১৯৯ কেজি ওজন তুলে তৃতীয় স্থান অধিকার করেন। স্ন্যাচে তিনি ৮৭ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১১২ কেজি ওজন তোলেন। এর আগে ২০২২ সালের বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ৫৫ কেজি বিভাগে রুপো জিতেছিলেন তিনি।
এই বিভাগে নাইজেরিয়ার রাফিয়াতু ফোলাশাদে লাওয়াল মোট ২২৯ কেজি (স্ন্যাচ ১০৩ কেজি, ক্লিন অ্যান্ড জার্ক ১২৬ কেজি) তুলে গেমস রেকর্ড গড়ে সোনা জেতেন। কানাডার অ্যান সোফি তাশেরো মোট ২১৫ কেজি তুলে রুপো পান।
গ্লাসগোতে ভারতের ভারোত্তোলন দল ধারাবাহিকভাবে পদক জিতে চলেছে। বিদ্যারানির এই ব্রোঞ্জ ভারতের পদক তালিকাকে আরও সমৃদ্ধ করল।
বিদ্যারানির সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স-এ তিনি লেখেন, “ভারোত্তোলনে ভারতের ঝুলিতে আরও একটি পদক। মহিলাদের ৫৮ কেজি বিভাগে ব্রোঞ্জ জয়ের জন্য বিন্দিয়ারানি দেবী সোরোখাইবামকে অভিনন্দন। তাঁর এই সাফল্যের পিছনে কঠোর পরিশ্রম ও অদম্য মানসিকতা রয়েছে। ভবিষ্যতের জন্য রইল শুভেচ্ছা।”
প্রতিযোগিতায় বিদ্যারানির শুরুটা ছিল কিছুটা নাটকীয়। কোচিং স্টাফ তাঁর প্রথম স্ন্যাচের ওজন ৮৫ কেজি থেকে কমিয়ে ৮৩ কেজি করেন। এরপর তিনি ৮৩, ৮৫ এবং ৮৭ কেজি—তিনটি প্রচেষ্টাতেই সফল হন। স্ন্যাচ পর্ব শেষে ইংল্যান্ডের এলিজা প্র্যাটের সঙ্গে যৌথভাবে অবস্থান করছিলেন।
ক্লিন অ্যান্ড জার্কে প্রথম প্রচেষ্টায় ১১০ কেজি তুললেও জুরি রিভিউয়ে কনুই ভাঁজ হয়ে যাওয়ার কারণে সেই লিফট বাতিল করা হয়। এরপর দ্বিতীয় প্রচেষ্টায় ১১২ কেজি সফলভাবে তুলে পদকের লড়াইয়ে ফিরে আসেন তিনি। শেষ প্রচেষ্টায় ১১৬ কেজি তুলতে ব্যর্থ হলেও মোট ১৯৯ কেজি নিয়ে ব্রোঞ্জ নিশ্চিত করেন। ইংল্যান্ডের এলিজা প্র্যাট ১৯৬ কেজি তুলে চতুর্থ স্থানে শেষ করেন।
previous post
