July 24, 2026
রাজ্য

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি মুখ্যমন্ত্রীর, অভিযোগের জেরে রামপুর চেকপোস্টের দুই আধিকারিক সাসপেন্ড

সংবাদ কলকাতা: প্রশাসনে দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতির কথা ফের স্পষ্ট করে জানাল পশ্চিমবঙ্গ সরকার। প্রশাসন, দপ্তর বা সরকারি ব্যবস্থার কোনও স্তরেই দুর্নীতি বা তোলাবাজি বরদাস্ত করা হবে না বলে সরকার জানিয়েছে। একই সঙ্গে দুর্নীতিতে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি পদক্ষেপের বার্তাও দেওয়া হয়েছে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, ঝাড়খন্ডের নম্বরযুক্ত একটি পণ্যবাহী ট্রাক সার্ভিসিং শেষে গ্যারাজে ফেরার পথে পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টে আটকানো হয়। অভিযোগ, কর্তব্যরত আধিকারিকেরা চালককে বেআইনিভাবে হেনস্থা করেন এবং ঘুষের জন্য চাপ সৃষ্টি করেন। সেই দাবিতে সাড়া না দেওয়ায় ট্রাকটি আটক করে এমন একটি করের নামে ২২ হাজার টাকা দাবি করা হয়, যা রাজ্য সরকার আগেই বাতিল করেছে বলে অভিযোগ।

এই অভিযোগ সামনে আসতেই দ্রুত পদক্ষেপ করে পরিবহণ দপ্তর। রামপুর চেকপোস্টে কর্মরত মোটর ভেহিকল ইন্সপেক্টর নজিমুল হক এবং অনুপম বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে সাসপেন্ড করা হয়েছে। পশ্চিমবঙ্গ পরিষেবা (শ্রেণিবিভাগ, নিয়ন্ত্রণ ও আপিল) বিধি, ১৯৭১-এর ৭(১)(ক) ধারায় এই পদক্ষেপ করা হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।

সরকার আরও জানিয়েছে, অভিযোগের বিষয়টি দুর্নীতি দমন শাখার কাছে পূর্ণাঙ্গ ফৌজদারি তদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, অন্যায়ভাবে আটক হওয়া গাড়িগুলি দ্রুত ছেড়ে দেওয়া এবং পরিবহণ ব্যবসায়ীদের হেনস্থা বন্ধে কড়া নির্দেশও জারি করা হয়েছে।

সরকারের দাবি, প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহি এবং দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তুলতে তারা বদ্ধপরিকর। কোনও সরকারি আধিকারিক দুর্নীতি, হেনস্থা বা বেআইনি আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগে জড়িত প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে কঠোরতম প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Related posts

Leave a Comment