সংবাদ কলকাতা: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-এর বিরুদ্ধে প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করে নতুন অভিযোগ দায়ের করেছেন রাজীব সরকার (Rajib Sarkar)। তাঁর অভিযোগের ভিত্তিতে বিধাননগর থানার (Bidhannagar Police) পুলিশ এফআইআর নথিভুক্ত করেছে।
রাজীব সরকারের দাবি, সম্প্রতি ডায়মন্ড হারবারের আমতায় একটি দলীয় কার্যালয় ভাঙাকে কেন্দ্র করে সাংবাদিক বৈঠকে অভিষেক যে মন্তব্য করেছিলেন, তা তাঁর কাছে হুমকি বলেই মনে হয়েছে। অভিযোগপত্রে তিনি লিখেছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে ‘ডিজে’ (DJ Remark) সংক্রান্ত মন্তব্য নিয়ে প্রথম অভিযোগ দায়ের করেছিলেন তিনি। সেই কারণেই তিনি এখন অভিষেকের নিশানায় রয়েছেন বলে আশঙ্কা করছেন।
অভিযোগে রাজীব দাবি করেছেন, তাঁকে ভুয়ো মামলায় ফাঁসানো হতে পারে অথবা তাঁর প্রাণহানির আশঙ্কা রয়েছে। নিজের বক্তব্যের সমর্থনে তিনি কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)-র সাম্প্রতিক ফেসবুক লাইভের কথাও উল্লেখ করেছেন। সেই বক্তব্যের উল্লেখ করে তিনি পুলিশের কাছে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ‘ডিজে’ মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া আগের মামলার তদন্তভার বর্তমানে সিআইডি (CID)-র হাতে রয়েছে। ওই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিক বার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। অন্য দিকে, অভিষেক বরাবরই তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন এবং আদালতের দ্বারস্থ হয়েছেন।
রাজীব সরকারের অভিযোগের ভিত্তিতে পুলিশ নতুন করে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। তবে এই অভিযোগের বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
