পশ্চিম বর্ধমান— ধুতি-পাঞ্জাবি পরে যেন একেবারে খাঁটি বাঙালি বাবুর সাজ। এক হাতে মিষ্টির হাঁড়ি, অন্য হাতে গৌরাঙ্গ মহাপ্রভুর ছবি। সেই সাজেই রাজ্যের মুখ্যমন্ত্রী Suvendu Adhikari-কে শুভেচ্ছা জানাতে প্রায় ১৭০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন দুর্গাপুরের এক দম্পতি।
পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের জব্বরপল্লীর বাসিন্দা পৃথ্বীরাজ চক্রবর্তী এবং তাঁর স্ত্রী রমা চক্রবর্তী মঙ্গলবার দুপুরে সিটি সেন্টারের এডিডিএ দপ্তরের সামনে থেকে এই ব্যতিক্রমী যাত্রা শুরু করেন। তাঁদের লক্ষ্য, সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানানো।
বর্তমানে যেখানে অধিকাংশ মানুষ সমাজমাধ্যমেই শুভেচ্ছাবার্তা পাঠান, সেখানে কয়েকশো কিলোমিটার পথ হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নজর কেড়েছে সকলের। পথ চলার সময় বহু মানুষ তাঁদের সঙ্গে কথা বলেন এবং শুভেচ্ছাও জানান।
পৃথ্বীরাজবাবুর পরনে ছিল সাদা ধুতি ও পাঞ্জাবি। হাতে ছিল মিষ্টির হাঁড়ি এবং ‘প্রেমের ঠাকুর’ গৌরাঙ্গ মহাপ্রভুর ছবি। তাঁর স্ত্রীও একইভাবে এই যাত্রায় সঙ্গী হয়েছেন। জানা গিয়েছে, টানা পাঁচ দিন ধরে হেঁটে তাঁরা গন্তব্যে পৌঁছবেন। তীব্র গরমের মধ্যে পথে বিভিন্ন জায়গায় বিশ্রাম নিয়ে আবার হাঁটা শুরু করবেন তাঁরা।
পৃথ্বীরাজ চক্রবর্তী বলেন, ‘মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাতেই এই পদযাত্রা। আমরা চেয়েছি একটু অন্যভাবে শুভেচ্ছা পৌঁছে দিতে। তাই বাঙালিয়ানার ঐতিহ্যকে সঙ্গে নিয়েই এই উদ্যোগ।’
তিনি আরও বলেন, ‘এই যাত্রা শুধু শুভেচ্ছা জানানোর নয়, মানুষের সঙ্গে মিশে যাওয়ারও সুযোগ। তাই কোনও গাড়ি ব্যবহার করিনি। আমরা কিছু চাইব না। শুধু আশা করব, উনি রাজ্যের মানুষের জন্য ভালো কাজ করবেন এবং প্রেম ছড়িয়ে দেবেন।’
এই ব্যতিক্রমী পদযাত্রার ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই দম্পতির এই উদ্যোগকে অভিনব এবং আবেগঘন বলে মন্তব্য করেছেন।
