কলকাতা: প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস হত্যা মামলার বিচারপ্রক্রিয়ায় নতুন পদক্ষেপ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বরুণ বিশ্বাসের দাদা ও দিদির সাক্ষাতের পর মামলায় বিশেষ সরকারি আইনজীবী হিসেবে দেবরঞ্জন বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করা হয়েছে।
শুক্রবার বনগাঁ মহকুমা আদালতে মামলার শুনানিতে ৩৭তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়েছে। দীর্ঘদিন ধরে বরুণ বিশ্বাসের পরিবার দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে আসছিল। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকেও সেই দাবিই তুলে ধরেন পরিবারের সদস্যরা।
পরিবারের সঙ্গে আলোচনার পরই মামলার অগ্রগতি ত্বরান্বিত করতে বিশেষ সরকারি আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। সরকারের আশা, এই পদক্ষেপে বিচারপ্রক্রিয়া আরও কার্যকরভাবে এগোবে।
২০১২ সালে উত্তর ২৪ পরগনার সুটিয়ায় সমাজবিরোধীদের বিরুদ্ধে সরব থাকার কারণে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শিক্ষক বরুণ বিশ্বাস। তাঁর মৃত্যুর পর থেকেই সুষ্ঠু বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে পরিবার এবং স্থানীয় বাসিন্দারা।
বিশেষ সরকারি আইনজীবী নিয়োগের সিদ্ধান্তে বরুণ বিশ্বাসের পরিবার ও সুটিয়ার বাসিন্দাদের মধ্যে নতুন করে বিচারের আশা তৈরি হয়েছে।
