35 C
Kolkata
May 19, 2026
রাজ্য

পুরসভা সচল রাখতে মাঠে বিজেপি বিধায়ক, নিউ বারাকপুর ও উত্তর দমদমে বৈঠক সৌরভ শিকদারের

উত্তর ২৪ পরগনা— রাজ্যে সরকার পরিবর্তনের পর একাধিক পুরসভায় নাগরিক পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে। চেয়ারম্যান থেকে কাউন্সিলারদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। সেই পরিস্থিতিতে উত্তর শহরতলির পুরসভাগুলিকে সচল রাখতে উদ্যোগী হলেন বিজেপি বিধায়ক Sourav Sikdar।

বৃহস্পতিবার নিউ বারাকপুর এবং উত্তর দমদম পুরসভায় যান তিনি। দুই পুরসভার চেয়ারম্যান, সিআইসি সদস্য, কাউন্সিলার এবং আধিকারিকদের সঙ্গে পৃথক বৈঠক করেন। প্রশাসনিক কাজ স্বাভাবিক রাখতে সহযোগিতার আশ্বাসও দেন বিধায়ক। তবে একই সঙ্গে স্পষ্ট বার্তা দেন, কোনওভাবেই সিন্ডিকেট বা তোলাবাজি বরদাস্ত করা হবে না।

প্রথমে নিউ বারাকপুর পুরসভা এবং পরে উত্তর দমদম পুরসভায় বৈঠক করেন সৌরভ শিকদার। দুই পুরসভার কনফারেন্স হলে আয়োজিত বৈঠকে তিনি চেয়ারম্যানদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শোনেন। পাশাপাশি সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া একাধিক অভিযোগও পুর কর্তৃপক্ষের সামনে তুলে ধরেন।

বিধায়ক জানান, দ্রুত জঞ্জাল পরিষ্কার, রাস্তা সংস্কার এবং বর্ষার আগে জল জমা রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। নাগরিক পরিষেবায় কোনও গাফিলতি চলবে না বলেও সতর্ক করেন তিনি।

উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস বৈঠকে অভিযোগ করেন, বিশরপাড়া স্টেশনের কাছে ফতেসা খাল সংস্কারের কাজে রেলের তরফে এখনও ছাড়পত্র মেলেনি। বৈঠকের মধ্যেই রেলের ডিআরএমকে ফোন করে সমস্যা দ্রুত মেটানোর দাবি জানান সৌরভ শিকদার।

বিধায়ক বলেন, ‘মানুষের উন্নয়নের কাজে যাতে কোনও বাধা না আসে, সেই জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। রাজনৈতিক বিভেদ ভুলে নাগরিক পরিষেবাকে গুরুত্ব দিতে হবে।’

এরপর নিউ বারাকপুর পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহার সঙ্গে পুরসভার হাসপাতালও পরিদর্শন করেন তিনি। সেই সময় ৯ নম্বর ওয়ার্ডের মেঘদূত সঙ্ঘ পাড়ার বাসিন্দারা বিধায়ককে ঘিরে পুরসভার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এলাকায় নিকাশি, রাস্তা এবং পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ জানান তাঁরা।

Related posts

Leave a Comment