November 17, 2026
রাজ্য

চোরবাগান কাণ্ডে ৮ ইন্টার্নকে শো কজ়

সংবাদ কলকাতা: চোরবাগান কাণ্ডের রাতে সাংবাদিক বৈঠক করে হাসপাতালের চিকিৎসা পরিষেবা ও ওষুধের অপ্রতুলতা নিয়ে প্রশ্ন তোলার জের। কলকাতা মেডিক্যাল কলেজের আট জন ইন্টার্নকে শো কজ় করল হাসপাতাল কর্তৃপক্ষ। তালিকায় রয়েছেন সৌম্যদীপ দে, আয়ুষ ঝা এবং অজিঙ্কা কুমার বর্মা-সহ মোট আট জন। শুধু শো কজ়ের নোটিস পাঠানোই নয়, সংশ্লিষ্ট ইন্টার্নদের অভিভাবকদের কাছেও ইমেল পাঠিয়েছে অধ্যক্ষের দপ্তর।

হাসপাতাল সূত্রে খবর, শো কজ়ের নোটিসে মূলত দু’টি অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। প্রথমত, ঘটনার দিন দায়িত্বে থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট ইন্টার্নেরা নিজেদের কাজ না করে সাংবাদিক বৈঠকে অংশ নিয়েছিলেন। দ্বিতীয়ত, ওই সাংবাদিক বৈঠকে হাসপাতালের ওষুধের মজুত নিয়ে তাঁরা যে অভিযোগ তুলেছিলেন, তা সঠিক নয় বলে দাবি করেছে কর্তৃপক্ষ। হাসপাতালে প্রয়োজনীয় ওষুধের অভাব ছিল বলে ইন্টার্নদের করা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর দুর্গাপুজোর সপ্তমীর রাতে চোরবাগানের পুজোমণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়। ঘটনায় আহতদের প্রথমে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল। পরে রাজ্য সরকারের উদ্যোগে তাঁদের অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই সিদ্ধান্ত ঘিরেই প্রশ্ন তুলেছিলেন মেডিক্যাল কলেজের একদল জুনিয়র চিকিৎসক ও ইন্টার্ন।

সেই রাতেই সাংবাদিক বৈঠক করে তাঁরা অভিযোগ করেন, এত বড় সরকারি হাসপাতাল থাকা সত্ত্বেও আহতদের কেন বেসরকারি হাসপাতালে পাঠানো হল? পাশাপাশি, রক্তক্ষরণ বন্ধ করার ওষুধ এবং জরুরি চিকিৎসার সরঞ্জামের অভাব নিয়েও সরব হয়েছিলেন সৌম্যদীপ দে-রা। তাঁদের এই বক্তব্য ঘিরে রাজ্য স্বাস্থ্য দপ্তরে শুরু হয় তৎপরতা।

এর পর নবমীর দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দেন, ঘটনার রাতে জুনিয়র চিকিৎসকেরা দায়িত্বে থাকা সত্ত্বেও ওয়ার্ডে উপস্থিত না থেকে সাংবাদিক বৈঠক করেছিলেন কি না, তা খতিয়ে দেখতে। পরবর্তী সময়ে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় মেডিক্যাল কলেজের প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন। প্রাথমিক তদন্তে হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ মজুত ছিল বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়। সেই তদন্তের ভিত্তিতেই এ বার আট ইন্টার্নের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদক্ষেপের পথে হাঁটল হাসপাতাল প্রশাসন।


তবে কর্তৃপক্ষের অভিযোগ মানতে নারাজ সংশ্লিষ্ট ইন্টার্নেরা। তাঁদের দাবি, সাংবাদিক বৈঠকের সময় তাঁরা কেউই দায়িত্বে ছিলেন না। শো কজ়ের তালিকায় থাকা এক জুনিয়র চিকিৎসকের বক্তব্য, ঘটনার দিন তাঁদের ডিউটি আগেই শেষ হয়ে গিয়েছিল। সংশ্লিষ্ট পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিদের (পিজিটি) বিষয়টি জানিয়ে তাঁরা হাসপাতালের বাইরে গিয়েছিলেন। পরে ঘটনার খবর পেয়ে ফের হাসপাতালে ফিরে আসেন।

তালিকায় থাকা আর এক ইন্টার্নের দাবি, সে দিন তাঁর অপারেশন থিয়েটারে দায়িত্ব ছিল। রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে তাঁর ডিউটি শেষ হয়ে যায়। এর পর পিজিটির অনুমতি নিয়েই তিনি সাংবাদিক বৈঠকে যোগ দিয়েছিলেন। তা হলে তাঁর নাম শো কজ়ের তালিকায় এল কী ভাবে, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

যদিও আপাতত এই বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না অভিযুক্ত ইন্টার্নেরা। নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী সময়ে আনুষ্ঠানিক ভাবে নিজেদের বক্তব্য জানাতে পারেন তাঁরা।

অন্য দিকে, কলকাতা মেডিক্যাল কলেজের এক কর্তার বক্তব্য, স্বাস্থ্য ভবনের নির্দেশ মেনেই ইন্টার্নদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। জাতীয় মেডিক্যাল কমিশনের (এনএমসি) নিয়ম মেনে তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে কি না, তা তাঁদের জবাব পাওয়ার পরেই স্থির হবে। একই সঙ্গে ওষুধের অভাব নিয়ে ইন্টার্নদের তোলা অভিযোগও যাচাই করা হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। তাদের বক্তব্য, ওই অভিযোগের সত্যতা মেলেনি। এবার আট ইন্টার্নের জবাবের অপেক্ষায় হাসপাতাল প্রশাসন।

Related posts

Leave a Comment