November 17, 2026
Uncategorized

নাগেরবাজারে স্কুলের চারতলা থেকে ঝাঁপ, কোমায় অষ্টম শ্রেণির পড়ুয়া

সংবাদ কলকাতা: দমদমের নাগেরবাজারে স্কুলের চারতলা থেকে ঝাঁপ দিয়ে গুরুতর আহত এক অষ্টম শ্রেণির পড়ুয়া। ১৪ বছরের ওই ছাত্র বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মস্তিষ্কে গুরুতর আঘাত ও রক্তক্ষরণের জেরে কোমায় চলে গিয়েছে সে। শিরদাঁড়া-সহ শরীরের একাধিক জায়গায় গুরুতর চোট রয়েছে তার। কী কারণে এমন ঘটনা ঘটল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

মঙ্গলবার অন্যান্য দিনের মতোই স্কুলে গিয়েছিল ওই ছাত্র। প্রথম দিকে কয়েকটি ক্লাসও করে সে। পুলিশ সূত্রে খবর, এ দিন স্কুলে অলিম্পিয়াড পরীক্ষা ছিল। নিজের শ্রেণিকক্ষের পাশের ভবনে গিয়ে পরীক্ষায় অংশ নিয়েছিল সে। পরীক্ষা শেষ করে ফের নিজের শ্রেণিকক্ষে যাওয়ার সময়ই ঘটে বিপত্তি। অভিযোগ, স্কুলের চারতলার বারান্দা থেকে ঝাঁপ দেয় ওই পড়ুয়া।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চারতলা থেকে পড়ে যাওয়ার ফলে ছাত্রের মাথায় অত্যন্ত গুরুতর আঘাত লাগে। মস্তিষ্কে রক্তক্ষরণও হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর দ্রুত অস্ত্রোপচার করা হয় তার। কিন্তু আঘাতের গভীরতা এতটাই বেশি যে বর্তমানে কোমায় রয়েছে সে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে ওই কিশোর। তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে স্কুল সূত্রে একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। ওই সূত্রের দাবি, পরীক্ষা দিয়ে ফেরার সময় চারতলায় এক সহপাঠিনীর সঙ্গে কথা বলছিল ছাত্রটি। পরীক্ষা কেমন হয়েছে, তা জানতে চেয়েছিল ওই সহপাঠিনী। উত্তরে পরীক্ষা ভাল হয়েছে বলে জানায় সে। এরপরই নাকি সহপাঠিনীর কাছে জানতে চায়, চারতলা থেকে ঝাঁপ দিলে কী হতে পারে!

স্কুল সূত্রের দাবি, এমন কথা শুনে ওই সহপাঠিনী তাকে বিষয়টি নিয়ে আর কথা না বলে সিঁড়ি দিয়ে নীচে নেমে যেতে বলে। কিন্তু তার মধ্যেই সহপাঠিনীর সামনেই চারতলা থেকে ঝাঁপ দেয় ওই ছাত্র। যদিও ঠিক কী কারণে সে এমন পদক্ষেপ করল, তা এখনও নিশ্চিত নয়।



প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এই ঘটনা নিয়ে স্কুল কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্কুল সূত্রে দাবি, ছাত্রের চিকিৎসার সমস্ত খরচ বহন করছেন কর্তৃপক্ষ। তার বাবা-মাকেও খবর দেওয়া হয়েছে। অভিভাবকদের সম্মতি নিয়েই অস্ত্রোপচার করা হয়েছে বলে জানা গিয়েছে।

স্কুল কর্তৃপক্ষের দাবি, এর আগে এমন ঘটনা তাদের প্রতিষ্ঠানে কখনও ঘটেনি। ইতিমধ্যে ওই সহপাঠিনীর সঙ্গেও কথা বলেছেন তাঁরা। ছাত্রের পারিবারিক কোনও সমস্যা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পারিবারিক কোনও সমস্যার কারণে সে এমন পদক্ষেপ করে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে মনে করছেন স্কুল কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য সামনে আসেনি।

অন্যদিকে, ঘটনার খবর পেয়ে দুপুরে স্কুলে পৌঁছয় দমদম থানার পুলিশ। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করেন তদন্তকারীরা। স্কুল চত্বরের সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হয়েছে। দমদম থানা সূত্রে খবর, প্রাথমিক তদন্তে ওই ছাত্রের চারতলা থেকে ঝাঁপ দেওয়ার বিষয়টিই উঠে এসেছে। তার মাথা, শিরদাঁড়া-সহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লেগেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

কী পরিস্থিতিতে ওই কিশোর এমন সিদ্ধান্ত নিল, তার পিছনে কোনও পারিবারিক বা অন্য কোনও কারণ রয়েছে কি না, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় উদ্বেগ ওই পড়ুয়ার শারীরিক অবস্থা। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে সে।

Related posts

Leave a Comment