উত্তর ২৪ পরগনা— তৃণমূল কাউন্সিলরের বাড়িতে দীর্ঘদিন ধরে ‘মধুচক্র’ চলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল বনগাঁয়। স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হন অভিযুক্ত কাউন্সিলর। পরে ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আটক করে পুলিশ। উদ্ধার হয়েছে একাধিক মদের বোতল এবং আপত্তিকর সামগ্রীও।
ঘটনাটি বনগাঁ থানার কালোপুর এলাকায়। অভিযুক্তের নাম সুকুমার রায়। তিনি Trinamool Congress পরিচালিত বনগাঁ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলে জানা গিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কালোপুরে সুকুমার রায়ের একটি বাড়িতে দীর্ঘদিন ধরেই বেআইনি কার্যকলাপ চলছিল। দিন-রাত বিভিন্ন মহিলার আনাগোনা ছিল ওই বাড়িতে। এলাকার বাসিন্দাদের দাবি, ভয়ের কারণে এতদিন কেউ মুখ খুলতে পারেননি। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বদলের পর স্থানীয়রা সরব হন।
অভিযোগ, মঙ্গলবার রাতে এলাকাবাসী হাতেনাতে অভিযুক্ত কাউন্সিলরকে ধরে ফেলেন। এরপর উত্তেজিত জনতা তাঁকে গণধোলাই দেয়। খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ সূত্রে খবর, সুকুমার রায়কে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে কয়েকজন মহিলাকেও আটক করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক মদের বোতল এবং কিছু আপত্তিকর সামগ্রী।
স্থানীয় এক মহিলার দাবি, ‘দিন-রাত ওই বাড়িতে সন্দেহজনক লোকজনের যাতায়াত ছিল। কাউন্সিলর নিজেও মহিলাদের নিয়ে আসতেন। আমরা ভয়ে কিছু বলতে পারতাম না।’
যদিও এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত অভিযুক্ত কাউন্সিলর বা তৃণমূল কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
