নিজস্ব সংবাদদাতা, বীরভূম— শান্তিনিকেতনে পুলিশকর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। কিন্তু রবিবার পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যুর সময় তাঁর কাছে কোনও আগ্নেয়াস্ত্র ছিল না। এমনই বিস্ফোরক দাবি করলেন মৃত রতন শেখের দাদা সালাম শেখ। তাঁর অভিযোগ, পুলিশ এনকাউন্টারের নামে অসত্য ঘটনা সাজাচ্ছে। সঠিক তদন্ত হলেই প্রকৃত ঘটনা সামনে আসবে।
গত শুক্রবার বিভিন্ন মামলায় জামিন পাওয়ার পর নানুরের বাসিন্দা রতন শেখকে অন্য একটি মামলায় গ্রেপ্তার করতে গিয়েছিল পুলিশ। অভিযোগ, সেই সময় শান্তিনিকেতন থানার পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালান তিনি। তাঁর ছোড়া গুলিতে বিশ্বজিৎ দাস নামে এক কনস্টেবলের বাঁ পায়ে আঘাত লাগে। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যান রতন।
রবিবার ফের রতনকে ধরতে অভিযানে নামে পুলিশ। পুলিশের দাবি, নানুরে একটি ইটভাটার কাছে তাঁকে আটকানোর চেষ্টা হলে তিনি পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালান। পুলিশের গাড়িতেও গুলি লাগে। পরিস্থিতি সামাল দিতে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। সেই গুলিতেই মৃত্যু হয় রতনের।
তবে পুলিশের এই বিবরণ নিয়েই প্রশ্ন তুলেছেন মৃতের দাদা সালাম শেখ। তাঁর দাবি, শুক্রবারের ঘটনার পর রতন বর্ধমানে পালিয়ে গিয়েছিলেন। এমনকি পুলিশকে সেই খবরও তিনিই দিয়েছিলেন। পূর্ব বর্ধমানের নবাবহাট এলাকায় রতন পুলিশের হাতে ধরা পড়েছিলেন বলে দাবি তাঁর। তাহলে সেখান থেকে নানুরে নিয়ে যাওয়ার পর কী ভাবে ফের পুলিশের দিকে গুলি চালালেন তিনি, সেই প্রশ্ন তুলেছেন সালাম।
সালামের কথায়, ‘আমার ভাইকে বদনাম দেওয়া হচ্ছে। রবিবার ওর কাছে কোনও আগ্নেয়াস্ত্র ছিল না। যেখানে এনকাউন্টার হয়েছে, সেখানে ওর কাছে অস্ত্র থাকার প্রশ্নই ওঠে না।’ তাঁর দাবি, শুক্রবার শান্তিনিকেতনের লাইক বাজারে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর রতন বর্ধমানে গা-ঢাকা দিয়েছিলেন।

নিজের গ্রেপ্তারির প্রসঙ্গও তুলে ধরেছেন সালাম। তাঁর দাবি, একটি পারিবারিক মামলায় তিনি হেফাজতে ছিলেন। শুক্রবার মুক্তি পাওয়ার পর শনিবার ফের তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সেই সময় পুলিশ তাঁকে রতনের খোঁজ দিতে বলে। এরপর আত্মীয়দের কাছে খোঁজ নিয়ে জানতে পারেন, শুক্রবার থেকেই বর্ধমানে ছিলেন তাঁর ভাই।
সালামের আরও দাবি, নানুরের বাসিন্দা হলেও একাধিক মামলার কারণে সেখানে থাকতেন না রতন। মূলত বোলপুরেই থাকতেন তিনি। ফলে নানুরের কোথায় আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখবেন রতন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁর দাদা। তাঁর বক্তব্য, নবাবহাটে পুলিশের হাতে ধরা পড়ার পর কী ভাবে রতন নানুরে গিয়ে পুলিশের দিকে গুলি চালালেন, তার ব্যাখ্যা প্রয়োজন।
নানুরের ইটভাটায় পুলিশই তাঁর ভাইকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ সালামের। তাঁর দাবি, গোটা ঘটনার নিরপেক্ষ ও সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। যদিও পুলিশের তরফে এখনও এই সমস্ত অভিযোগের বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। ফলে রতনের মৃত্যু ঘিরে পুলিশের বক্তব্য এবং পরিবারের অভিযোগের মধ্যে তৈরি হয়েছে বিতর্ক।
