বসিরহাট — পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়-এর পার্টি অফিস সংলগ্ন গোডাউন থেকে ত্রাণ সামগ্রী সরিয়ে নেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রশাসনের উদ্যোগে সরকারি কর্মীরা ওই ত্রাণ সামগ্রী সংগ্রহ করে নিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে গোডাউনে বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী মজুত ছিল। এদিন সকাল থেকেই এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি দেখা যায়। প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে গোডাউন থেকে পর্যায়ক্রমে ত্রাণ সামগ্রী বের করে সরকারি ব্যবস্থায় সরিয়ে নেওয়া হয়।
প্রাক্তন বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, তিনি আগেই এই বিষয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তাঁর বক্তব্য, গোডাউনে মজুত থাকা ত্রাণ সামগ্রী ফিরিয়ে নেওয়ার জন্য তিনি জেলাশাসক-সহ তৎকালীন প্রশাসনের বিভিন্ন উচ্চপদস্থ কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানিয়েছিলেন।
তাঁর দাবি, গত ২ জুন প্রশাসনের পক্ষ থেকে তাঁকে জানানো হয় যে, খুব শীঘ্রই মজুত সামগ্রীগুলি সংগ্রহ করে নিয়ে যাওয়া হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী মঙ্গলবার প্রশাসনের উদ্যোগে সামগ্রীগুলি সরিয়ে নেওয়া হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কৌতূহল তৈরি হলেও কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। প্রশাসনের তরফে গোটা প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হয়। নিরাপত্তার স্বার্থে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল বলে জানা গিয়েছে।
প্রশাসনিক সূত্রের খবর, সরকারি নথি অনুযায়ী সংরক্ষিত ত্রাণ সামগ্রী যথাযথ ব্যবস্থাপনায় ফিরিয়ে নেওয়ার কাজই এদিন করা হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে।
