July 7, 2026
রাজ্য

গেরুয়া রঙে সাজবে সরকারি বাস, পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের ঘোষণায় নতুন বার্তা

কলকাতা — পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর প্রশাসনিক স্তরে একের পর এক পরিবর্তনের ছবি সামনে আসছে। বিভিন্ন সরকারি পরিকাঠামো ও দপ্তরের রঙে পরিবর্তনের পর এবার সরকারি বাসেও আসছে বড় বদল। রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং ঘোষণা করেছেন, ভবিষ্যতে রাজ্যে যে নতুন সরকারি বাস নামবে, সেগুলির রং হবে গেরুয়া। তাঁর বক্তব্য, ‘গেরুয়া ত্যাগের প্রতীক। আমরা রাষ্ট্রবাদে বিশ্বাস করি। তাই নতুন সরকারি বাসগুলো গেরুয়া রঙে আনা হবে।’

মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবহণমন্ত্রী এই ঘোষণা করেন। গত কয়েক দিন ধরেই সরকারি বাসের রং পরিবর্তন নিয়ে প্রশাসনিক মহলে জল্পনা চলছিল। এদিন মন্ত্রীর বক্তব্যে সেই জল্পনায় কার্যত সিলমোহর পড়ল।

পশ্চিমবঙ্গে দীর্ঘ ৩৪ বছর বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকাকালীন সরকারি বাসের প্রধান রং ছিল লাল। শুধু কলকাতা নয়, দূরপাল্লার সরকারি বাসেও সেই রংই দেখা যেত। ২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর সরকারি বিভিন্ন পরিকাঠামোর পাশাপাশি বাসের রংও বদলে নীল-সাদা করা হয়। রাজ্যের বিভিন্ন সরকারি ভবন, রেলিং এবং অন্যান্য স্থাপনায়ও সেই সময় নীল-সাদা রঙের ব্যবহার শুরু হয়েছিল।

এবার বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ফের সেই রঙের পরিবর্তনের ধারা শুরু হয়েছে। ইতিমধ্যেই কলকাতা

একাধিক সরকারি স্থাপনা ও রাস্তার সৌন্দর্যায়নে গেরুয়া রঙের ব্যবহার দেখা গিয়েছে। সেই ধারাবাহিকতায় সরকারি বাসের রং পরিবর্তনের সিদ্ধান্তকে প্রশাসনের নতুন নীতির অংশ হিসেবেই দেখা হচ্ছে।


পরিবহণমন্ত্রী জানান, আপাতত নতুন যে সরকারি বাসগুলি রাজ্যের পরিবহণ বহরে যুক্ত হবে, সেগুলিই গেরুয়া রঙে রাস্তায় নামবে। তবে বর্তমানে চলাচলকারী নীল-সাদা বাসগুলির রংও ভবিষ্যতে বদলানো হবে কি না, সে বিষয়ে এখনও সরকারিভাবে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। ফলে বিষয়টি নিয়ে প্রশাসনিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে|

সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে। একাংশের মতে, এটি সরকারের আদর্শগত অবস্থানের প্রতিফলন। অন্যদিকে, নতুন বাস পরিষেবা চালুর পাশাপাশি গণপরিবহণের মানোন্নয়নেও সরকার জোর দিচ্ছে বলে পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment