সংবাদ কলকাতা: রাজ্যে বস্ত্রশিল্প ও হোসিয়ারি শিল্পের পরিকাঠামো আরও শক্তিশালী করতে নতুন উদ্যোগের কথা জানাল রাজ্য সরকার। নদিয়ার কল্যাণীতে শিল্প আলোচনা সভার পরে শিল্পমন্ত্রী তাপস রায় জানান, বস্ত্র ও হোসিয়ারি হাব তৈরির জন্য একাধিক উদ্যোগপতির কাছ থেকে জমি ও প্রকল্প সংক্রান্ত প্রস্তাব এসেছে।
শিল্পমন্ত্রী বলেন, রাজ্যে বস্ত্রশিল্পকে আরও বড় পরিসরে নিয়ে যেতে আগ্রহ দেখাচ্ছেন বেশ কিছু শিল্পপতি। তাঁদের তরফে জমি এবং শিল্প প্রকল্পের প্রস্তাব জমা পড়েছে। প্রস্তাবগুলি খতিয়ে দেখা হচ্ছে। উপযুক্ত প্রকল্পগুলিকে অগ্রাধিকার দিয়ে জমি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তবে জমির চাহিদা জানানো প্রত্যেক আবেদনকারীকে সরকারি জমি দেওয়া সম্ভব নয় বলেও স্পষ্ট করেছেন তাপস রায়। তাঁর বক্তব্য, সরকারি জমি বণ্টনের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে সিদ্ধান্ত নেওয়া হবে। শিল্প স্থাপনের ক্ষেত্রে যাঁরা উপযুক্ত এবং বাস্তবসম্মত প্রকল্প নিয়ে এগিয়ে এসেছেন, তাঁদেরই জমি দেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।
রাজ্যে নতুন শিল্প গড়ে তোলার পাশাপাশি কর্মসংস্থান তৈরির দিকেও নজর দেওয়া হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। বস্ত্র ও হোসিয়ারি শিল্পে বড় বিনিয়োগ এলে উৎপাদন বাড়ার পাশাপাশি স্থানীয় স্তরে কর্মসংস্থানের সুযোগও তৈরি হতে পারে।
এদিকে শীঘ্রই কলকাতার মিলনমেলা প্রাঙ্গণে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করার কথা জানিয়েছেন শিল্পমন্ত্রী। সেখানে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মোট ৩৩টি সংস্থার হাতে জমি সংক্রান্ত নথিপত্র তুলে দেওয়া হবে বলে তিনি জানান।
সরকারি জমিতে শিল্প গড়ে তোলার এই উদ্যোগের মাধ্যমে রাজ্যে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বস্ত্র ও হোসিয়ারি শিল্পের জন্য একটি বড় পরিকাঠামো তৈরির লক্ষ্য রয়েছে। বিশেষ করে নদিয়া-সহ বিভিন্ন জেলায় শিল্পের প্রসার ঘটলে স্থানীয় অর্থনীতিতেও তার প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
