November 23, 2026
জেলা

কালীপ্রতিমা বিসর্জন ঘিরে বিবাদ, তদন্তে সামনে এল পাঁচ বাংলাদেশির পরিচয়

প্রতীকী চিত্র

দক্ষিণ দিনাজপুর, ২৩ নভেম্বর: কালীপ্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে দুই যুবকের মধ্যে বিবাদের তদন্ত করতে গিয়েই হিলিতে সাত বছর ধরে পরিচয় গোপন করে বসবাসের অভিযোগে এক পরিবারের পাঁচ সদস্যের সন্ধান পেল পুলিশ। পুলিশ সূত্রে দাবি, বাংলাদেশের মহাস্থানগড় (Mahasthangarh) থেকে বছর সাতেক আগে হিলি সীমান্ত (Hili Border) দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে পরিবারটি। পরে ত্রিমোহিনী পাওয়ার হাউস এলাকায় রাস্তার ধারের সরকারি জমি দখল করে প্রথমে অস্থায়ী ছাউনি তৈরি করে বসবাস শুরু করে। ধীরে ধীরে সেই ছাউনিই পাকা বাড়িতে পরিণত হয়। রবিবার বিষয়টি প্রকাশ্যে আসার পর প্রশাসন বুলডোজার চালিয়ে বাড়িটি ভেঙে দেয়।

পুলিশের দাবি, গত ১৩ নভেম্বর শিবাজি সংঘের কালীপ্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সুমন সরকার ও আকাশ দাস নামে দুই যুবকের মধ্যে ধাক্কাধাক্কি হয়। অভিযোগ, ওই রাতেই ধারালো অস্ত্র নিয়ে সুমনের বাড়িতে হুমকি দিতে যায় আকাশ। পরদিন ১৪ নভেম্বর সকালে দুই পরিবারের মধ্যে ফের বিবাদ শুরু হলে ঘটনাস্থলে পৌঁছয় হিলি থানার পুলিশ (Hili Police Station)। তদন্ত ও জিজ্ঞাসাবাদের সময় আকাশ এবং তাঁর পরিবারের পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয়। পরে খোঁজখবর করে তাঁদের বাংলাদেশি নাগরিকত্ব ও অবৈধভাবে ভারতে প্রবেশের বিষয়টি সামনে আসে বলে দাবি পুলিশের।

এরপর আকাশ-সহ পরিবারের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁদের হোল্ডিং সেন্টারে (Holding Centre) পাঠানো হয়েছে। অন্যদিকে, সরকারি জমি দখল করে বাড়ি তৈরির অভিযোগে প্রশাসনের তরফে বুলডোজার চালিয়ে বাড়িটি ভেঙে দেওয়া হয়েছে। কীভাবে এত দিন ধরে পরিচয় গোপন করে ওই পরিবার এলাকায় বসবাস করছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। সীমান্তবর্তী এলাকায় তাঁদের বসবাসের পিছনে অন্য কোনও উদ্দেশ্য বা যোগসাজশ ছিল কি না, সেই দিকটিও তদন্তের আওতায় রয়েছে।

ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, পরিবারটি প্রায় সাত বছর আগে এলাকায় এসে বসবাস শুরু করে। শুধু বসবাসই নয়, এলাকার পুজো-পার্বণ-সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও নিয়মিত যোগ দিতেন পরিবারের সদস্যরা। ফলে তাঁদের পরিচয় নিয়ে কারও মনে সন্দেহ তৈরি হয়নি। স্থানীয় বাসিন্দা রাজু মহন্ত বলেন, ‘বছর সাতেক আগে পরিবারটি এলাকায় আসে। পুজো-পার্বণে হিন্দু হিসেবেই যোগ দিত। তাঁদের আসল পরিচয় জানতে পেরে হতবাক।’

আর এক বাসিন্দা অসীমা মণ্ডল বলেন, ‘ওরা যে বাংলাদেশি বুঝতেই পারিনি। হিন্দুদের সমস্ত অনুষ্ঠানেই থাকত। ভালোভাবেই কথা বলত। কোনও জায়গা থেকেই সন্দেহের কোনও জায়গাই তৈরি হয়নি।’ তবে পুলিশের তদন্ত ও প্রশাসনের পদক্ষেপে খুশি স্থানীয় বাসিন্দারা। হিলির মতো সীমান্তবর্তী এলাকায় কীভাবে একটি পরিবার দীর্ঘদিন ধরে পরিচয় গোপন করে বসবাস করল, তা নিয়ে এখন নানা প্রশ্ন উঠছে।

Related posts

Leave a Comment