উত্তর ২৪ পরগনা, ২৩ নভেম্বর: মাকে হারানোর পর বাবার কাছেই নিরাপদ থাকার কথা ছিল। কিন্তু সেই বাবার বিরুদ্ধেই এক বছর ধরে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলল ১৭ বছরের এক কিশোরী। উত্তর ২৪ পরগনার হাবড়া থানা এলাকার ঘটনায় অভিযুক্ত দীপন হালদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, অত্যাচারের কথা কাউকে জানালে আরও খারাপ পরিণতির হুমকি দিতেন তিনি।
স্থানীয় সূত্রে খবর, প্রায় আট বছর আগে দুর্ঘটনায় মৃত্যু হয় কিশোরীর মায়ের। এরপর বাবা ও দুই মেয়ে একই বাড়িতে থাকত। দিদিকে প্রায়ই অসুস্থ ও আতঙ্কিত দেখত ছোট বোন। বাবাকে দেখলেই দিদির ভয়ে সিঁটিয়ে থাকার বিষয়টি নজরে আসে তার। দিন দুয়েক আগে দিদার ও মাসির কাছে সব কথা জানায় সে। পরে নির্যাতিতাও অভিযোগের সত্যতা স্বীকার করে।
এরপর মাসির লিখিত অভিযোগের ভিত্তিতে হাবড়া থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে পকসো আইন (POCSO Act) অনুযায়ী মামলা দায়ের হয়েছে। সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তাঁকে বারাসত আদালতে পেশ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।
