November 23, 2026
কলকাতা

১ ডিসেম্বরের আগে ভোট ঘোষণা হলেও মানতে হবে নির্দেশ

কলকাতা, ২৩ নভেম্বর— হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস (Ward Delimitation) নিয়ে আইনি বিতর্কের মধ্যেই পুরভোটের নির্ঘণ্ট প্রকাশের বিষয়ে নির্বাচন কমিশনকে সতর্ক করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। সোমবার বিচারপতি রাজা বসু চৌধুরীর একক বেঞ্চ জানিয়ে দিয়েছে, আপাতত ভোট ঘোষণায় কোনও নিষেধাজ্ঞা না থাকলেও ১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির আগে ভোট ঘোষণা হয়ে গেলে আদালতের পরবর্তী নির্দেশ কমিশনকে মানতে হবে। ফলে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করলেই মামলার আইনি বাধ্যবাধকতা শেষ হয়ে যাবে না।

হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা করেছেন সিপিএমের প্রাক্তন মেয়র পারিষদ এবং মধ্য হাওড়ার প্রাক্তন বিধানসভা নির্বাচনের প্রার্থী ইমতিয়াজ আহমেদ। তাঁর অভিযোগ, নির্ধারিত আইন ও পদ্ধতি মেনে ওয়ার্ড পুনর্বিন্যাস করা হয়নি। সম্প্রতি বিধানসভায় হাওড়া পুরসভার ওয়ার্ডের সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করার বিল পাশ হয়েছে। এই পরিবর্তনের বৈধতা নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

সোমবার শুনানি শেষে আদালত ভোট ঘোষণার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়নি। তবে পরবর্তী শুনানির দিন ১ ডিসেম্বর নির্ধারণ করে কমিশনকে সতর্ক করেছে। অর্থাৎ, তার আগেই ভোট ঘোষণা হলেও আদালতের পরবর্তী সিদ্ধান্তের প্রভাব নির্বাচনী প্রক্রিয়ায় পড়তে পারে।

কলকাতা পুরসভার ক্ষেত্রেও ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে মামলা চলছে। সেখানে ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করা হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সিপিএম নেত্রী দীপু দাসের করা মামলায় গত ৬ নভেম্বর বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, সিঙ্গল বেঞ্চে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কলকাতা পুরসভার ভোট ঘোষণা করা যাবে না। সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য।

সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ প্রশ্ন তোলে, নির্বাচিত জনপ্রতিনিধি না থাকা এবং পুরসভা ভেঙে দেওয়ার পর সংশ্লিষ্ট সংস্থার সুপারিশের ভিত্তিতে কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস করা সম্ভব। ফলে কলকাতা পুরসভার মামলা শীর্ষ আদালতে বিচারাধীন থাকা অবস্থায় হাওড়ার মামলাতেও হাই কোর্টের সতর্কবার্তা বিশেষ তাৎপর্য পেয়েছে। আপাতত দুই পুরসভার ভোটের ভবিষ্যৎ নির্ভর করছে আদালতের পরবর্তী সিদ্ধান্তের উপর।

Related posts

Leave a Comment