সংবাদ কলকাতা: সামনেই দুর্গাপুজো। উৎসবের মরশুম ঘিরে ইতিমধ্যেই নানা পরিকল্পনা শুরু করে দিয়েছেন সুরাপ্রেমীরা। পুজোর সময়ে একদিন রাজ্যের সব মদের দোকান ও বার বন্ধ থাকবে, সেই খবর আগেই জানা গিয়েছিল। ফলে বন্ধের দিনের জন্য আগে থেকে বোতল তুলে রাখার পরিকল্পনাও করেছিলেন অনেকে। কিন্তু সেই পরিকল্পনাতেও এবার কোপ পড়তে চলেছে। দুর্গাপুজোর আগেই রাজ্যে বাড়তে চলেছে দেশি-বিদেশি মদ এবং বিয়ারের দাম। ফলে আগে থেকে বোতল কিনে রাখলেও বাড়তি দাম গুনতে হবে ক্রেতাদের।
আগামী ১ অক্টোবর থেকেই রাজ্যে মদের সমস্ত পণ্যের নতুন মূল্য কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেডের সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে সরাসরি কত শতাংশ দাম বাড়বে, তা জানানো হয়নি। তবে স্পষ্ট করে দেওয়া হয়েছে, ১ অক্টোবর থেকে সমস্ত পণ্যের নতুন মূল্য কার্যকর হবে। কোনও নির্দিষ্ট পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও সেটিকে নতুন করে নথিভুক্ত করতে হবে।
অর্থাৎ অক্টোবরের শুরু থেকেই মদের বাজারে নতুন দামের কাঠামো চালু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ঠিক তার পরেই ১০ অক্টোবর মহালয়া। দেবীপক্ষ শুরুর আগে দাম বাড়ার এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই সুরাপ্রেমীদের জন্য বাড়তি চাপ তৈরি করবে।

এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, দুর্গাপুজোর অষ্টমীর দিন রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। শুধু দোকান নয়, সেদিন বারে গিয়েও মদ পাওয়া যাবে না। ফলে ওই দিনের জন্য আগে থেকে মদ কিনে রাখার পরিকল্পনা করেছিলেন অনেকেই। কিন্তু অক্টোবরের শুরুতেই দাম বাড়লে সেই ‘সেকেন্ড লাইন অফ ডিফেন্স’-এর খরচও বাড়তে চলেছে।
পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেডের সদর দপ্তরে গত ৩ সেপ্টেম্বর একটি বৈঠক হয়। সেখানে দেশি-বিদেশি মদ এবং বিয়ার সরবরাহের জন্য প্রকাশিত ‘এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট’ নিয়ে বিভিন্ন সংস্থা ও প্রস্তুতকারকদের সঙ্গে আলোচনা হয়। সেই প্রক্রিয়ার পরেই অক্টোবর থেকে নতুন মূল্য কাঠামো কার্যকর করার প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
পুজোর মরশুমে রাজ্যে মদের বিক্রি আবগারি রাজস্বের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। ফলে উৎসবের ঠিক আগে দাম পুনর্নির্ধারণের সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও কোন ব্র্যান্ড বা কোন ধরনের মদের দাম কতটা বাড়বে, সেই নির্দিষ্ট হিসাব এখনও প্রকাশ করা হয়নি।

তবে পুরনো দামের মজুত নিয়ে বিজ্ঞপ্তিতে কিছুটা স্বস্তির কথাও রয়েছে। দোকানে থাকা পুরনো সর্বোচ্চ খুচরো মূল্যের মদ বোতল-লেবেল নথিভুক্তির বৈধতা থাকা পর্যন্ত বিক্রি করা যাবে বলে জানানো হয়েছে। অর্থাৎ পুরনো দামের স্টক একেবারে বাতিল হয়ে যাচ্ছে না।
তবু পুজোর আগে দাম বাড়ার খবরে সুরাপ্রেমীদের কপালে চিন্তার ভাঁজ। একদিকে অষ্টমীর দিন দোকান ও বার বন্ধ, অন্যদিকে তার আগেই বাড়তি দামের বোঝা। ফলে পুজোর আনন্দের প্রস্তুতিতে নতুন করে হিসাব কষতে হবে তাঁদের। আর সেই আক্ষেপেই রসিকতা করে কেউ কেউ বলছেন, ‘মেরেছো কী কলসির কানা, তা বলে কি প্রেম দেব না!’
