সংবাদ কলকাতা: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব ধীরে ধীরে কাটতে শুরু করেছে। ল্যান্ডফলের পর শক্তি হারিয়ে শুক্রবার রাতেই ওড়িশার মধ্যভাগে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়টি। শনিবার তা সাধারণ নিম্নচাপে পরিণত হতে পারে। এর জেরে শনিবারও দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে রবিবার থেকেই পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে রাজ্যের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া ফিরতে পারে। একইসঙ্গে ধীরে ধীরে নামবে রাতের তাপমাত্রা। ফলে পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ আরও বাড়বে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার থেকে বৃষ্টির দাপট কমার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গেও শনিবার বৃষ্টির সতর্কতা রয়েছে। মালদহ ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই দুই জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কমে আবহাওয়া শুষ্ক হতে পারে।
কলকাতায় ইতিমধ্যেই বৃষ্টির পরিমাণ কমেছে। আকাশ মেঘলা থাকলেও রবিবার থেকে রোদের দেখা মিলতে পারে। সোমবারের পর থেকে তাপমাত্রার পরিবর্তন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কমবে সর্বনিম্ন তাপমাত্রা, অন্যদিকে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টির পরিমাণ ছিল ৪৩ মিলিমিটার।
তবে আবহাওয়ার এই পরিবর্তনের মধ্যেই সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন রাজ্যের কৃষকরা। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদে বৃষ্টির জেরে চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। পশ্চিম মেদিনীপুরে গত ২৪ ঘণ্টায় প্রায় ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এমনিতেই এখন আমন ধান কাটার মরশুম। তার মধ্যে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে বহু জমির পাকা ধান মাটিতে নুয়ে পড়েছে। জমিতে জল জমে থাকায় ফসল ঘরে তোলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে পশ্চিম মেদিনীপুরে প্রায় ৩ লক্ষ ৭০ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। এখনও পর্যন্ত মাত্র ৫০ থেকে ৬০ শতাংশ ধান কাটা সম্ভব হয়েছে। ফলে গড়বেতা, শালবনি, কেশপুর, ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনা, ডেবরা, সবং ও পিংলার মতো বিস্তীর্ণ এলাকায় এখনও জমিতে পাকা ধান রয়েছে। বৃষ্টির জেরে সেই ধানগাছ মাটিতে পড়ে যাওয়ায় ফলন নষ্ট হওয়ার আশঙ্কা করছেন চাষিরা। জমিতে দীর্ঘক্ষণ জল জমে থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
ধানের পাশাপাশি শীতকালীন সবজি, পান ও ফুলচাষ নিয়েও উদ্বেগ বাড়ছে। অতিরিক্ত বৃষ্টিতে জমিতে জল দাঁড়িয়ে থাকলে সবজি ও অন্যান্য ফসল পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। একই কারণে আলুচাষের জন্য জমি প্রস্তুত করার কাজও পিছিয়ে যেতে পারে।
মুর্শিদাবাদেও একই ছবি। নভেম্বর মাসে এমন বৃষ্টিতে বিপাকে পড়েছেন জেলার কৃষকরা। টানা বৃষ্টিতে বহু চাষের জমি জলমগ্ন হয়ে পড়েছে। কোথাও পাকা ধান জলের তলায় চলে গিয়েছে, কোথাও আবার শীতকালীন সবজি নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি জমিতে অতিরিক্ত জল জমে থাকায় আলুর বীজ পচে যাওয়ার ভয়ও রয়েছে। ফলে ঘূর্ণিঝড়ের প্রভাব কাটিয়ে আবহাওয়া স্বাভাবিক হলেও কৃষকদের ক্ষতির আশঙ্কা সহজে কাটবে না বলেই মনে করা হচ্ছে।
