পুলিশকে হুমকির অভিযোগ
সংবাদ কলকাতা: পশ্চিমবঙ্গ পুলিশ (West Bengal Police) এবং কলকাতা পুলিশকে (Kolkata Police) বিভিন্ন সময়ে হুমকি দেওয়ার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবং বিজেপির (BJP) অন্যান্য নেতার বিরুদ্ধে গিরিশ পার্ক থানায় শূন্য এফআইআর (Zero FIR) দায়ের করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার থানায় হাজির হয়ে এই অভিযোগ জানান তিনি। বিজেপি নেতাদের একাধিক বক্তব্য ও পুলিশকে উদ্দেশ্য করে দেওয়া হুঁশিয়ারির বিষয়টি অভিযোগের মূল ভিত্তি বলে জানা গিয়েছে।
অভিষেকের আইনজীবী অর্ক নাগ (Arka Nag) সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বিজেপির একাধিক নেতা বিভিন্ন সময়ে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের বিরুদ্ধে মন্তব্য করেছেন। তাঁদের বক্তব্যে পুলিশকে হুমকি দেওয়ার বিষয়টিও রয়েছে বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে ঘটে চলা এই ধরনের ঘটনাগুলির উল্লেখ করেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁর দাবি, অভিযোগের বিষয়গুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা উচিত।
এদিন পুলিশের ভূমিকা নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন অর্ক নাগ। অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া আগের মামলায় গিরিশ পার্ক থানার তৎপরতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়টির ক্ষেত্রে গিরিশ পার্ক থানা যে দক্ষতা ও তৎপরতা দেখিয়েছে, আশা করি এই শূন্য এফআইআরের ক্ষেত্রেও একই দক্ষতা ও তৎপরতা দেখিয়ে তদন্ত করবে।’ অর্থাৎ, আগের মামলার মতোই নতুন অভিযোগের ক্ষেত্রেও দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, শুক্রবারই পুলিশের তলবে গিরিশ পার্ক থানায় হাজির হয়েছিলেন অভিষেক। পুলিশকর্মীদের হুমকি দেওয়া এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই মামলায় হাজিরা দেওয়ার দিনই বিজেপি নেতাদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়েরের ঘটনা রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। দুই দলের মধ্যে চলতে থাকা অভিযোগ-পাল্টা অভিযোগের আবহে এবার পুলিশের ভূমিকা ও রাজনৈতিক নেতাদের বক্তব্যের আইনি বৈধতা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে অভিষেকের অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেদিকেই নজর থাকবে।
