কলকাতা, ২৭ মে: কলকাতা পুরসভায় ফের অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। একের পর এক গুরুত্বপূর্ণ পদ থেকে পদত্যাগের ঘটনায় জল্পনা বাড়তেই এবার মেয়র পারিষদ পদ থেকেও ইস্তফার প্রস্তুতি নিচ্ছেন এক তৃণমূল কাউন্সিলর। মঙ্গলবার কলকাতা পুরসভার বোর্ডে তাঁর পদত্যাগপত্র জমা পড়তে পারে বলে পুরসভা সূত্রে খবর।
সম্প্রতি কলকাতা পুরসভায় একাধিক পদত্যাগের ঘটনা রাজনৈতিক মহলে আলোড়ন ফেলেছে। প্রথমে ৯ নম্বর বরোর চেয়ারপার্সন দেবলীনা বিশ্বাস পদত্যাগ করেন। এরপর ১২ নম্বর বরোর চেয়ারম্যান পদ ছাড়েন সুশান্ত ঘোষ। একই দিনে মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটির সদস্যপদ থেকেও ইস্তফা দেন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী।
এরই মধ্যে আরও এক গুরুত্বপূর্ণ পদাধিকারীর পদত্যাগের খবর সামনে আসায় কলকাতা পুরসভার অন্দরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, মেয়র পারিষদ হিসেবে দায়িত্বে থাকা ওই কাউন্সিলর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে পারেন। যদিও এখনও পর্যন্ত তাঁর নাম বা পদত্যাগের কারণ প্রকাশ্যে আসেনি।
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর রাজ্যের বিভিন্ন স্তরে তৃণমূলের সাংগঠনিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কলকাতা পুরসভার মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রতিষ্ঠানে একের পর এক পদত্যাগ সেই জল্পনাকে আরও উসকে দিচ্ছে।
তবে তৃণমূলের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি। দলীয় সূত্রে দাবি, ব্যক্তিগত কারণেই কয়েকজন পদাধিকারী দায়িত্ব ছেড়েছেন এবং এর সঙ্গে রাজনৈতিক কোনও সম্পর্ক নেই।
অন্যদিকে বিরোধী শিবিরের দাবি, পুরসভার অভ্যন্তরে অসন্তোষ বাড়ছে বলেই একের পর এক পদত্যাগের ঘটনা ঘটছে। মেয়র পারিষদের সম্ভাব্য ইস্তফার পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকে নজর রাজনৈতিক মহলের।
