কলকাতা: মিড-ডে মিল নিয়ে বিতর্কের মধ্যেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, ইসকনের মাধ্যমে নিরামিষ খাবার বিতরণের পাশাপাশি স্কুলপড়ুয়াদের জন্য আলাদা করে ডিম দেওয়ার ব্যবস্থাও করবে রাজ্য সরকার। আগামী ১ অগস্ট থেকেই এই নতুন ব্যবস্থা চালু হবে।
মুখ্যমন্ত্রী জানান, আপাতত স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মিড-ডে মিলে ডিম সরবরাহ করা হবে। অন্যদিকে, রান্না করা সাত্ত্বিক ও পুষ্টিকর নিরামিষ খাবার বিতরণের দায়িত্ব থাকবে ইসকনের হাতে।
শুভেন্দু বলেন, “মিড-ডে মিলের জন্য হাই স্কুল ও উচ্চ-প্রাথমিক স্কুলে মাথাপিছু ১০ টাকা এবং প্রাথমিক স্কুলে ৬.৭৮ টাকা বরাদ্দ ছিল। আমরা প্রাথমিকের বরাদ্দও বাড়িয়ে ১০ টাকা করেছি। ১ অগস্ট থেকে পাইলট প্রকল্প হিসেবে কলকাতার একটি বড় অংশে ইসকন মিড-ডে মিল সরবরাহ করবে। এর পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ডিমও দেওয়া হবে।”
রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মিড-ডে মিলের গুণগত মান উন্নয়নের লক্ষ্যে ইসকনের হাতে এই প্রকল্পের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তখন জানানো হয়েছিল, পড়ুয়াদের নিরামিষ হলেও পুষ্টিকর খাবার দেওয়া হবে। তবে ডিম বাদ দেওয়ার সিদ্ধান্ত ঘিরে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছিল।
অনেকের দাবি ছিল, স্কুলে ডিম পাওয়ার আশাতেই বহু শিশু নিয়মিত আসে। ফলে ডিম বাদ দিলে পড়ুয়াদের পুষ্টি ও উপস্থিতি—দুই ক্ষেত্রেই প্রভাব পড়তে পারে। সেই বিতর্কের মধ্যেই এবার ডিম ফেরানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
প্রাথমিকভাবে কলকাতার কিছু স্কুলে এই নতুন ব্যবস্থা চালু হবে। পরে পর্যায়ক্রমে রাজ্যের অন্যান্য জেলাতেও তা সম্প্রসারণ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সরকার।
previous post
