39.9 C
Kolkata
June 10, 2026
রাজ্য

খুনের চেষ্টা, শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১১ জুন: কলকাতা পুরসভায় কাউন্সিলরদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের ধারাবাহিকতায় এ বার গ্রেফতার হলেন পুরসভার ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার। খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার ফুলবাগান এলাকা থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালের ২ মে-র একটি ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার নারকেলডাঙা থানায় এক মহিলা লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই স্বপন সমাদ্দারের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় এফআইআর নথিভুক্ত করা হয় এবং পরদিন তাঁকে গ্রেফতার করা হয়।

অভিযোগে খুনের চেষ্টা, শ্লীলতাহানি, বেআইনি ভাবে আটকে রাখা, সরকারি কাজে বাধা দেওয়া, ইচ্ছাকৃত আঘাত, সম্পত্তি নষ্ট করা, চুরি এবং ভয় দেখানোর মতো গুরুতর ধারাগুলি যুক্ত করা হয়েছে। অভিযোগকারীর দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসার ঘটনাতেও স্বপন সমাদ্দারের ভূমিকা ছিল। তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে সেই সময়ে অভিযোগ দায়ের করা সম্ভব হয়নি বলেও অভিযোগকারীর দাবি।

স্বপন সমাদ্দার কলকাতা পুরসভার ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি বেলেঘাটা আইডি হাসপাতালের রোগীকল্যাণ সমিতির সঙ্গেও যুক্ত ছিলেন। তাঁর গ্রেফতারের ফলে সাম্প্রতিক সময়ে গ্রেফতার হওয়া কলকাতা পুরসভার কাউন্সিলরের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০।

উল্লেখ্য, গত কয়েক দিনে একাধিক কাউন্সিলরকে বিভিন্ন অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। তোলাবাজির অভিযোগে পাটুলির কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, পকসো মামলায় জোড়াসাঁকোর কাউন্সিলর মহম্মদ জসিমউদ্দিন এবং তোলাবাজির অভিযোগে ৬৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য ও তাঁর স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

Related posts

Leave a Comment