ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠক নেতাজি ইন্ডোরে
সংবাদ কলকাতা: আসন্ন ভারত-ব্রাজিল (India vs Brazil Football Match) ফুটবল ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) ক্রীড়ামন্ত্রী ডা. ইন্দ্রনীল খানের (Dr. Indranil Khan) সঙ্গে বৈঠকে ম্যাচ আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।
সূত্রের খবর, বৈঠকে আন্তর্জাতিক মানের এই ম্যাচের নিরাপত্তা, দর্শক ব্যবস্থাপনা, যানবাহন নিয়ন্ত্রণ, স্টেডিয়ামের পরিকাঠামো, খেলোয়াড় ও আধিকারিকদের যাতায়াত-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
রাজ্য সরকারের লক্ষ্য, কলকাতায় আয়োজিত ভারত-ব্রাজিল ম্যাচকে আন্তর্জাতিক মানের ক্রীড়া আয়োজন হিসেবে সফল করে তোলা। সেই কারণে প্রস্তুতির প্রতিটি ধাপ নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। বৈঠকে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।
ভারত ও ব্রাজিলের মধ্যকার এই বহুল প্রতীক্ষিত ফুটবল ম্যাচ ঘিরে ইতিমধ্যেই ক্রীড়াপ্রেমীদের মধ্যে প্রবল উৎসাহ তৈরি হয়েছে। দেশ-বিদেশের অসংখ্য ফুটবল সমর্থকের নজর এখন কলকাতার দিকে। সেই আবহে কোনও ধরনের ত্রুটি এড়াতে প্রস্তুতিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার।
