মুংপু: সিঞ্চোনা বাগান (Cinchona Directorate) আধুনিকীকরণ এবং শ্রমিক কল্যাণকে অগ্রাধিকার দিয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করলেন শ্রম ও পরিবহণমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। বৈঠকে উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী ডা. শঙ্কর ঘোষ (Dr. Shankar Ghosh), প্রতিমন্ত্রী বিশাল লামা (Bishal Lama), এলাকার বিধায়করা, শ্রম দপ্তরের প্রধান সচিব, জিটিএর প্রধান সচিব, জেলা শাসক, সিঞ্চোনা দপ্তরের অধিকর্তা, মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং রাজ্য ও জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা।
বৈঠকে সিঞ্চোনা বাগানের শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং বাগানের সামগ্রিক পুনরুজ্জীবন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় স্বাস্থ্য পরিষেবা উন্নয়ন, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, আবাসন, ‘পরজা পাট্টা’ প্রদান, সময়মতো মজুরি সংশোধন, মহার্ঘ ভাতা বকেয়া মেটানো, সিঞ্চোনা চাষের আধুনিকীকরণ ও বহুমুখীকরণ এবং দীর্ঘদিন ধরে শূন্য থাকা পদে দ্রুত নিয়োগের বিষয়ে।

শ্রমিক কল্যাণের বিষয়গুলিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন শ্রম ও পরিবহণমন্ত্রী অর্জুন সিং। শ্রম দপ্তরের প্রধান সচিব এবং সংশ্লিষ্ট জেলা শাসকদের উদ্দেশে তিনি বলেন, মজুরি সংশোধন, মহার্ঘ ভাতা প্রদান এবং শ্রমিকদের অন্যান্য প্রাপ্য সংক্রান্ত বিষয় দ্রুত নিষ্পত্তি করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
বৈঠকে জানানো হয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্য সরকার সিঞ্চোনা বাগানকে আধুনিকীকরণ ও পুনরুজ্জীবিত করার লক্ষ্যে একটি সমন্বিত পরিকল্পনা তৈরি করছে। আগামী দিনে ধাপে ধাপে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
প্রশাসনের লক্ষ্য, শুধু সিঞ্চোনা উৎপাদন বৃদ্ধি নয়, মুংপুকে শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন, গবেষণা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা। পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি, মহিলাদের আর্থিক ক্ষমতায়ন, গ্রামীণ পরিকাঠামো শক্তিশালী করা এবং প্রতিটি পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সরকারের আশা, সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে সিঞ্চোনা শিল্প নতুন গতি পাবে এবং দীর্ঘদিনের সমস্যার সমাধানের পাশাপাশি পাহাড়ের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
