27 C
Kolkata
October 12, 2026
রাজ্য

অগ্নিমিত্রা-শর্বরীর পাশে শুভেন্দু, বিরোধীদের কড়া বার্তা

সংবাদ কলকাতা:— পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের কাজের প্রশংসা করে তাঁদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিরোধীদের কটাক্ষ উপেক্ষা করে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দিলেন তিনি। একইসঙ্গে দুই নেত্রীর কাজ নিয়ে সমালোচকদেরও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সোমবার কুঁদঘাটে জলাশয় পুনরুদ্ধার অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায় এবং টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী। তিনজনেরই প্রশংসা করেন শুভেন্দু অধিকারী।

পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন এলাকায় সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখছেন। বাজার থেকে রাস্তাঘাট, পুর পরিষেবা সংক্রান্ত নানা বিষয়ে তাঁর সক্রিয় ভূমিকা নজরে এসেছে। এই প্রসঙ্গেই অগ্নিমিত্রার পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘কিছু লোক আছে, যারা কিছু করেনি। অথচ অগ্নিমিত্রা পাল প্রো অ্যাক্টিভ কাজ করেন। উনি অফিসেও থাকেন। রাস্তাতেও থাকেন। তা দেখে ওদের খুব জ্বালা যন্ত্রণা। হাতে মোবাইল। সঙ্গে ফেসবুক।’

সমালোচকদের উদ্দেশে তাঁর পরামর্শ, ‘ইগনোর দেম। পাবলিকের কাছে ওরা রিজেকটেড। ভবিষ্যতে পুরভোটেও রিজেক্টেড হবে। আপনি চরৈবতি মন্ত্রে এগিয়ে যান।’ অর্থাৎ, সমালোচনায় গুরুত্ব না দিয়ে কাজের ধারাবাহিকতা বজায় রাখার বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী।

যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের কাজেরও প্রশংসা করেন শুভেন্দু। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে বিভিন্ন সময়ে তৈরি হওয়া অশান্তির প্রসঙ্গ টেনে তাঁর বক্তব্য, শর্বরী ধীরে ধীরে এলাকায় রাষ্ট্রবাদী ভাবধারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘যাদবপুরটাকে ধীরে ধীরে রাষ্ট্রবাদের লাইনে নিয়ে আসছেন শর্বরী বোন। টুকরে টুকরে গ্যাং খুব ভয় পাচ্ছে শর্বরীদিকে দেখে।’

একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারীও। অতীতে তৃণমূল নেতা অরূপ বিশ্বাসের বিরুদ্ধে নির্বাচনে লড়াই করে জয়ী হওয়া পাপিয়াকে বিধায়ক হিসেবে বেছে নেওয়ার জন্য সাধারণ মানুষকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।

রাজনৈতিক মহলের একাংশের মতে, পুর পরিষেবা ও বিশ্ববিদ্যালয়কে ঘিরে রাজনৈতিক বিতর্কের আবহে দুই নেত্রীর কাজের প্রশংসা করে তাঁদের মনোবল বাড়ানোর বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। একইসঙ্গে বিরোধীদের সমালোচনার জবাব দিয়েছেন রাজনৈতিক ভাষাতেই। তবে এই বক্তব্য ঘিরে বিরোধী শিবিরের প্রতিক্রিয়া সামনে এলে বিতর্ক আরও বাড়তে পারে।

Related posts

Leave a Comment