সংবাদ কলকাতা: সিএবির দ্বিতীয় ডিভিশনের এক দিনের লিগে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুললেন মোহনলাল ক্লাবের দুই ব্যাটার। তাঁদের বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে সাউথ সুবার্বন ক্লাবের বিরুদ্ধে ৪৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ৪৭৪ রানের বিশাল পাহাড় গড়ল মোহনলাল ক্লাব। ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত অবশ্য অঙ্কন আইচের ব্যাটিং। ইনিংসের শেষ ওভারে টানা ছ’টি ছক্কা হাঁকিয়ে নজির গড়লেন তিনি।
শুক্রবার কাস্টমস মাঠে গ্রুপ ‘বি’-র ম্যাচে মুখোমুখি হয়েছিল সাউথ সুবার্বন ও মোহনলাল ক্লাব। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন মোহনলালের ব্যাটারেরা। দুই ব্যাটারের জোড়া দ্বিশতরানে রীতিমতো দিশেহারা হয়ে পড়ে প্রতিপক্ষের বোলিং বিভাগ।

মোহনলালের হয়ে প্রথম দ্বিশতরানটি করেন আয়াজ উদ্দিন সিদ্দিক। মাত্র ১২৯ বলে ২০৪ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৩১টি চার ও ৮টি ছয়। ১৫৮.১৪ স্ট্রাইক রেটে ব্যাট করে সাউথ সুবার্বনের বোলারদের উপর শুরু থেকেই চাপ তৈরি করেন আয়াজ।
তবে দিনের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন অঙ্কন আইচ। তাঁর ব্যাট থেকে আসে ১৩২ বলে অপরাজিত ২৩৬ রান। ১৩টি চার এবং ২৫টি ছক্কায় সাজানো ছিল এই বিধ্বংসী ইনিংস। ১৭৮.৭৯ স্ট্রাইক রেটে ব্যাট করে প্রতিপক্ষের বোলারদের কার্যত অসহায় করে দেন তিনি।অঙ্কনের ইনিংসের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত আসে শেষ ওভারে। বল করছিলেন সমুজিৎ সেন। প্রথম বলেই হেলিকপ্টার শটে ছক্কা হাঁকান অঙ্কন। দ্বিতীয় বলে লং অফের উপর দিয়ে বল পাঠান গ্যালারিতে। তৃতীয় বলে ডিপ মিড উইকেটে স্লগ সুইপ করে আবার ছয়। চতুর্থ বলটিও একই ভাবে মাঠের বাইরে পাঠিয়ে দেন তিনি।
এর পর পঞ্চম বলটি নো করেন সমুজিৎ। সেই বলেও স্কোয়ার ড্রাইভে ডিপ পয়েন্টের উপর দিয়ে ছক্কা মারেন অঙ্কন। নো বলের কারণে ফ্রিহিট পান তিনি। সেই সুযোগও হাতছাড়া করেননি। পরের বলে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টের উপর দিয়ে আরও একটি ছক্কা হাঁকান। এ ভাবেই এক ওভারে ছ’টি বৈধ বলে ছ’টি ছক্কা মারার নজির গড়েন অঙ্কন।
দুই ব্যাটারের এমন বিধ্বংসী পারফরম্যান্সে ম্যাচের শুরুতেই কার্যত কোণঠাসা হয়ে পড়ে সাউথ সুবার্বন ক্লাব। বিশেষ করে শেষ ওভারে অঙ্কনের ছক্কার বৃষ্টি প্রতিপক্ষের ক্রিকেটারদের উপর বাড়তি চাপ তৈরি করে। ৪৫ ওভারে ৪৭৪ রান তুলে মোহনলাল ক্লাব বুঝিয়ে দিল, দ্বিতীয় ডিভিশনের লিগেও ব্যাট হাতে কী ভয়ংকর হয়ে উঠতে পারে তারা।
