নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর— আগামী পাঁচ বছরে পশ্চিমবঙ্গের সড়ক যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তনের লক্ষ্যে এক লক্ষ কোটি টাকার প্রকল্পের ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতীন গডকরী। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে এই ঘোষণা করেন তিনি। গডকরীর দাবি, আগামী পাঁচ বছরের মধ্যে বাংলার সড়কপথ আমেরিকার মতো উন্নত করে তোলা হবে। শুধু ঘোষণা নয়, প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করেও দেখাবেন বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
কলকাতার যানজট সমস্যা মেটাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্র। গডকরী জানান, কলকাতার জন্য ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে ২৫০ কিলোমিটার দীর্ঘ রিং রোড তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। তাঁর কথায়, দিল্লি ও মুম্বইয়ের পর এ বার কলকাতাকে আরও উন্নত শহর হিসেবে গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। শহরের যানজট কমানো এবং যোগাযোগ ব্যবস্থাকে আরও মসৃণ করতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে কেন্দ্র।
বৃহস্পতিবার কোলাঘাটের অনুষ্ঠানে ৮ হাজার ৭০০ কোটি টাকার ২২টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কের সংস্কার, রক্ষণাবেক্ষণ এবং নতুন সেতু নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। দুই লেনের একাধিক সড়ককে চার লেনে এবং চার লেনের কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তাকে ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়ের মাধ্যমে এই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন গডকরী।
তবে সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ পর্যন্ত রোপওয়ে প্রকল্প। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই প্রকল্পের বিস্তারিত প্রকল্প রিপোর্ট এবং মানচিত্র তৈরির কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তাঁর কথায়, মাত্র সাত দিনের মধ্যেই এই কাজ শেষ হয়েছে। এর আগে কার্শিয়াং-দার্জিলিং এলাকায় রোপওয়ে প্রকল্পের কথাও জানানো হয়েছিল।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী এবং রাজ্য মন্ত্রিসভার কয়েক জন সদস্যের সঙ্গে বৈঠকে কলকাতার যানজট সমস্যা নিয়ে আলোচনা হয়েছিল। সেই আলোচনার ভিত্তিতেই শহরের জন্য বিশেষ পরিকল্পনা তৈরি করা হয়েছে। তাঁর কথায়, কলকাতাকে যানজটমুক্ত এবং আরও উন্নত শহর হিসেবে গড়ে তুলতে কেন্দ্র প্রয়োজনীয় পদক্ষেপ করবে।
নিজের ১৩ বছরের কেন্দ্রীয় মন্ত্রিত্বের অভিজ্ঞতার কথা তুলে ধরে গডকরী দাবি করেন, উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে তিনি শুধু প্রতিশ্রুতি দিয়ে থেমে থাকেন না। তাঁর বক্তব্য, এত দিন তাঁর ঘোষিত প্রকল্পের কাজ নিয়ে কোনও সাংবাদিককে প্রশ্ন তুলতে হয়নি। যা বলবেন, তা বাস্তবায়িত করেই দেখাবেন বলে ফের আশ্বাস দেন তিনি।
পশ্চিমবঙ্গের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রশংসা করে গডকরী মহারাষ্ট্রের সঙ্গেও তুলনা টানেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের লক্ষ্য পূরণে কেন্দ্র ও রাজ্য একযোগে কাজ করছে বলেও জানান তিনি। আগামী পাঁচ বছরে রাজ্যের সড়ক যোগাযোগ ব্যবস্থার চেহারা বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলার উন্নয়নের কাজ আরও গতি পাবে।
কেন্দ্রীয় মন্ত্রীর ঘোষণার পর তাঁকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার রাজ্যকে সব রকম সহযোগিতা করছে। জমি অধিগ্রহণ সংক্রান্ত যে সমস্যাগুলি রয়েছে, সেগুলিও দ্রুত মিটে যাবে বলে আশাপ্রকাশ করেন তিনি। পাশাপাশি রাজ্যকে ১০ হাজার বৈদ্যুতিক গাড়ি দেওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী।
সব মিলিয়ে কলকাতার রিং রোড, জাতীয় সড়কের সম্প্রসারণ, নতুন সেতু এবং দক্ষিণেশ্বর-বেলুড় রোপওয়ে— একাধিক প্রকল্পকে ঘিরে রাজ্যের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা সামনে এসেছে। তবে ঘোষিত প্রকল্পগুলির বাস্তবায়ন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
