November 27, 2026
খেলা

ভারতের হয়ে অলিম্পিক্স পদক জয়ের স্বপ্ন আয়ানার

সংবাদ কলকাতা: বাবা লিয়েন্ডার পেজ টেনিসে ভারতের হয়ে অলিম্পিক্স পদক জিতেছেন। ঠাকুরদা ভেস পেজও দেশের হয়ে অলিম্পিক্সে পদক জয়ের নজির গড়েছেন। এ বার সেই পারিবারিক ঐতিহ্য এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন লিয়েন্ডার পেজ ও রিয়া পিল্লাইয়ের মেয়ে আয়ানা পেজ। তবে তাঁর টেনিস কেরিয়ারের শুরুটা হচ্ছে ব্রিটেনের হয়ে। কলকাতায় একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলতে এসে আয়ানা জানালেন, একদিন ভারতের হয়ে অলিম্পিক্সে পদক জেতাই তাঁর স্বপ্ন।

সল্টলেকের বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনে ডব্লিউ ১৫ ক্যাটেগরির প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ১৭ বছরের আয়ানা। খেলার ফাঁকে কলকাতাকে নিজের দ্বিতীয় বাড়ি বলে উল্লেখ করেছেন তিনি। ভারতের হয়ে অলিম্পিক্সে পদক জেতার স্বপ্নের কথা জানিয়ে আয়ানা বলেন, ‘অলিম্পিক্স পদক জেতার স্বপ্ন কে না দেখে? আমিও অপেক্ষা করে আছি, কবে ভারতের হয়ে খেলতে পারব। কলকাতায় দাঁড়িয়ে এই স্বপ্ন দেখতে বেশি ভাল লাগছে। কারণ, কলকাতা আমার দ্বিতীয় বাড়ি।’

কিন্তু ভারতের হয়ে এখনই খেলছেন না কেন? সেই ব্যাখ্যা দিয়েছেন বাবা লিয়েন্ডার। তাঁর কথায়, ভারতে দ্বৈত নাগরিকত্বের ব্যবস্থা নেই। আয়ানার কাছে ব্রিটেনের পাসপোর্ট থাকায় আপাতত সে দেশের হয়েই খেলছেন তিনি। তবে ভবিষ্যতে মেয়েকে ভারতের হয়ে খেলতে দেখার আশা ছাড়ছেন না লিয়েন্ডার। তাঁর কথায়, ‘আশা করি, একদিন ভারতের হয়ে ও খেলতে পারবে। আমাদের পরিবারের তৃতীয় অলিম্পিক্স পদকটা ও ভারতের হয়ে জিততে পারবে বলে আশা করি।’

আয়ানার সামনে অবশ্য চ্যালেঞ্জও কম নয়। বাবা লিয়েন্ডার ১৯৯৬ সালের আটলান্টা অলিম্পিক্সে টেনিসে ব্রোঞ্জ জিতেছিলেন। তারও আগে ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিক্সে হকি থেকে ব্রোঞ্জ পেয়েছিলেন তাঁর ঠাকুরদা ভেস পেজ। ফলে পরিবারের দুই প্রজন্মের অলিম্পিক্স সাফল্যের সঙ্গে স্বাভাবিক ভাবেই তুলনা করা হবে আয়ানার কেরিয়ারের। কিন্তু এই প্রত্যাশাকে চাপ হিসেবে দেখতে নারাজ তিনি। বরং পরিবারের সাফল্যকে নিজের অনুপ্রেরণা বলেই মনে করেন আয়ানা। তাঁর কথায়, ‘চাপ কেন হবে? এ তো আমার কাছে আশীর্বাদ। বাবার থেকে সেরাটা শিখেছি। রোজ শিখছি। আমার গর্বিত পরিবারের মহিমা আরও একটু বাড়াতে চাই।’


মেয়ের দেশপ্রেম নিয়েও গর্বিত লিয়েন্ডার। তাঁর দাবি, ব্রিটেনের হয়ে খেললেও আয়ানার মনে ভারতের প্রতি টান রয়েছে। মজা করে লিয়েন্ডার জানিয়েছেন, তাঁর ডেভিস কাপের ‘ইন্ডিয়া’ লেখা জার্সি চুরি করে নিজের কাছে রেখে দিয়েছেন মেয়ে। বর্তমানে কলকাতায় বাবার সঙ্গেই রয়েছেন আয়ানা। একসঙ্গে অনুশীলনও করছেন তাঁরা। লিয়েন্ডারের কথায়, ‘ও অন্য দেশের হয়ে খেললেও আমার মতোই দেশপ্রেমী। আমার ডেভিস কাপের ইন্ডিয়া লেখা জার্সি চুরি করে সরিয়ে রেখেছে। এখন কলকাতায় আমার সঙ্গে রয়েছে। আমার সঙ্গে প্র্যাকটিস করছে। দেখা যাক, কী হয়।’

মেয়ের টেনিস দক্ষতার পাশাপাশি তাঁর শৃঙ্খলা এবং পরিশ্রম করার মানসিকতায় সবচেয়ে বেশি খুশি লিয়েন্ডার। তাঁর মতে, মাত্র ১৭ বছর বয়সেই আয়ানা নিজের পড়াশোনা এবং খেলার মধ্যে দারুণ ভারসাম্য বজায় রাখছে। অনলাইনে বিজনেস স্কুলের পড়াশোনা করার ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়ে প্রতিযোগিতায় অংশ নিতেও সমস্যা হচ্ছে না তার।

লিয়েন্ডার বলেন, ‘ও অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ। একই সঙ্গে পরিশ্রমীও। খেলার পাশাপাশি পড়াশোনাও করছে। ওর বিজনেস স্কুলটা অনলাইন। তাই বিশ্বের যে কোনও প্রান্তে গিয়ে ওর খেলতে কোনও সমস্যা হয় না। দুটোই দারুণ সামলাচ্ছে। ১৭ বছর বয়সে ঘরছাড়া। পাঁচ বছর আগে ও যে জায়গায় ছিল, আর এখন যেখানে রয়েছে, সেটা দেখে বাবা হিসেবে আমি সত্যিই গর্বিত। আমাদের পরিবারের ঐতিহ্যটা ও এগিয়ে নিয়ে যাচ্ছে।’

টেনিসের মঞ্চে পেজ পরিবারের ঐতিহ্য দীর্ঘদিনের। বাবা ও ঠাকুরদার অলিম্পিক্স পদকের স্মৃতি সামনে রেখেই এগোতে চান আয়ানা। আপাতত ব্রিটেনের হয়ে খেললেও ভবিষ্যতে ভারতের জার্সিতে অলিম্পিক্সে নামার স্বপ্ন দেখছেন তিনি। কলকাতার মাটিতে দাঁড়িয়ে সেই স্বপ্নের কথাই নতুন করে জানিয়ে গেলেন লিয়েন্ডার-কন্যা।

Related posts

Leave a Comment