33 C
Kolkata
October 12, 2026
রাজ্য

কলকাতায় ৫ হাজার পুকুর বোজানোর অভিযোগ শুভেন্দুর

সংবাদ কলকাতা:— পূর্বতন সরকারের আমলে কলকাতা ও সংলগ্ন এলাকায় প্রায় পাঁচ হাজার পুকুর বোজানো হয়েছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার টালিগঞ্জ বিধানসভা এলাকার একটি পুরসভা-আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই অভিযোগ করেন। কলকাতা পুরসভার নির্বাচনকে সামনে রেখে নিজের সরকারের কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি পুকুর বোজানো এবং পরিবেশ ধ্বংসের জন্য তৃণমূলের কাউন্সিলরদের দায়ী করেন তিনি।

শুভেন্দুর অভিযোগ, জোকা, হরিদেবপুর থেকে বারাসত ও মধ্যমগ্রাম পর্যন্ত কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির (কেএমডিএ) আওতাধীন এলাকায় আগের সরকারের আমলে বিপুল সংখ্যক জলাশয় বুজিয়ে দেওয়া হয়েছে। তাঁর কথায়, ‘বিগত দিনে যে সরকার এবং স্কোয়্যার ফিট কাউন্সিলরেরা ছিলেন, তাঁরা পাঁচ হাজার পুকুর বুজিয়েছেন। কলকাতার পরিবেশকে ধ্বংস করার জন্য যা যা করা দরকার, সব কাজই ওঁরা করেছেন।’ যদিও পাঁচ হাজার পুকুর বোজানোর অভিযোগের পক্ষে অনুষ্ঠানে বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরা হয়নি।

এ দিন টালিগঞ্জের ১১৪ নম্বর ওয়ার্ডের বরো-১১ এলাকায় ইটখোলা-১ ও ইটখোলা-২ জলাশয় এবং সবুজবলয় পুনরুদ্ধার প্রকল্পের কাজের একটি পর্যায়ের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সংস্কার করা জলাশয় দু’টির নাম দেওয়া হয়েছে ‘শিব জলাশয়’ ও ‘শক্তি জলাশয়’। এই প্রকল্পে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথ ভাবে অর্থ বরাদ্দ করেছে বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, একটি প্রকল্পে খরচ হয়েছে ৫ কোটি ৭৯ লক্ষ ২৮ হাজার ৩২৯ টাকা। অন্য প্রকল্পে ব্যয় হয়েছে ৩ কোটি ৫৮ লক্ষ ৮৭ হাজার ৯৮৮ টাকা। কুঁদঘাট মেট্রো স্টেশনের নীচে আদি গঙ্গার অপর পারে পূর্ব পুঁটিয়ারি বাজারের কাছে অবস্থিত জলাশয় দু’টির সংস্কারের কাজ চলছে। একটি জলাশয় প্রায় চার একর এবং অন্যটি প্রায় তিন একর এলাকা জুড়ে রয়েছে।

পুরসভার নিকাশি বিভাগ কেন্দ্রীয় সরকারের এনডিএমএফ প্রকল্পে প্রায় ৫০০ কোটি টাকা বিশেষ অনুদান পেয়েছে বলেও অনুষ্ঠানে জানানো হয়। পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি পরিবেশবান্ধব প্রকল্পেও ওই অর্থ ব্যবহারের পরিকল্পনা রয়েছে। সেই উদ্যোগের অংশ হিসেবেই পুরনো জলাশয় সংস্কারের কাজ হাতে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

সংস্কার প্রকল্পের আওতায় জলাশয়গুলির চারপাশে পাঁচিল দেওয়া হয়েছে, যাতে বাইরের নোংরা জলাশয়ে ঢুকে দূষণ ছড়াতে না পারে। দীর্ঘদিন ধরে মজে যাওয়া পুকুরগুলিতে নতুন করে মাটি কাটার কাজও হয়েছে। এর ফলে জলাশয়গুলি দখলমুক্ত রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সুবিধা হবে বলে দাবি মুখ্যমন্ত্রীর। বর্তমানে পুকুর বাঁধানোর কাজ চলছে।

অনুষ্ঠানে পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পালের প্রশংসা করেন শুভেন্দু। তাঁর বক্তব্য, মন্ত্রী দপ্তরে বসে কাজ করার পাশাপাশি রাস্তায় নেমেও বিভিন্ন সমস্যা খতিয়ে দেখেন। বিরোধীদের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মন্ত্রীকে বলেছি, ওঁদের এড়িয়ে চলুন।’ কলকাতা পুরসভার আসন্ন নির্বাচনে বিরোধীরা ফের প্রত্যাখ্যাত হবেন বলেও দাবি করেন তিনি।

টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারীকে জয়ের জন্য শুভেচ্ছা জানিয়ে শুভেন্দু বলেন, তিনি এক বড় নেতা ও মন্ত্রীকে হারিয়েছেন। যদিও ওই নেতার নাম সরাসরি উল্লেখ করেননি মুখ্যমন্ত্রী।

এ দিন দুর্গাপুজো নিয়েও মন্তব্য করেন শুভেন্দু। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, এ বার দুর্গাপুজো করতে মুখ্যমন্ত্রীর অনুমতির প্রয়োজন হবে না, পঞ্জিকা মেনেই পুজো করা যাবে। পিতৃপক্ষের সময় পুজো নিয়ে বিতর্কের প্রসঙ্গেও বিরোধী পক্ষকে নিশানা করেন তিনি।

Related posts

Leave a Comment