33 C
Kolkata
October 12, 2026
রাজ্য

নার্সকে হেনস্থার অভিযোগে গ্রেফতার বিএমওএইচ

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর— প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক নার্সকে যৌন হেনস্থা ও মারধরের অভিযোগ উঠল গড়বেতার ব্লক মেডিক্যাল অফিসার অফ হেলথ (বিএমওএইচ) প্রবীরকুমার বাউড়ির বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে তাঁকে গ্রেফতার করেছে গড়বেতা থানার পুলিশ। সোমবার ধৃতকে গড়বেতা আদালতে হাজির করানো হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার গড়বেতার একটি স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বে থাকা ওই নার্স প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে বিএমওএইচের অফিসে গিয়েছিলেন। অভিযোগ, নথিপত্র দেওয়ার সময় ওই স্বাস্থ্য আধিকারিক তাঁকে প্রেমের প্রস্তাব দেন। সেই প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাঁকে যৌন হেনস্থা ও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার পর ওই নার্স গড়বেতায় চিকিৎসা করান।

অভিযোগকারিণীর দাবি, এর আগেও একাধিকবার তাঁকে কুপ্রস্তাব দিয়েছিলেন অভিযুক্ত। প্রথমে থানায় লিখিত অভিযোগ জানাতে দ্বিধায় থাকলেও পরিবারের পরামর্শে রবিবার গড়বেতা থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে পুলিশ। অভিযুক্ত পালানোর চেষ্টা করছেন বলে খবর পেয়ে একাধিক দল তল্লাশি অভিযান শুরু করে। রবিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়।

ঘটনা নিয়ে বিভাগীয় তদন্তের আশ্বাস দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সরেঙ্গী। তিনি জানিয়েছেন, এর আগেও ওই চিকিৎসকের বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছিল এবং সেই সময় স্বাস্থ্য দফতরের তরফে ব্যবস্থাও নেওয়া হয়েছিল। নতুন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগীয় স্তরে তদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তের বক্তব্য জানা যায়নি। অভিযোগের সত্যতা তদন্ত ও বিচারপ্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।

Related posts

Leave a Comment