33 C
Kolkata
October 12, 2026
রাজ্য

অস্ত্র চক্রের চার কারবারি গ্রেফতার, উদ্ধার আগ্নেয়াস্ত্র

সংবাদ কলকাতা:— অবৈধ অস্ত্র পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে সাফল্য পেল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। টানা ১৭ দিন ধরে তদন্ত ও তল্লাশি চালিয়ে বিহার ও ঝাড়খণ্ড থেকে চক্রের সঙ্গে যুক্ত একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। অভিযানে আগ্নেয়াস্ত্রের পাশাপাশি প্রায় চার লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে।

এই ঘটনার সূত্রপাত গত ২৫ সেপ্টেম্বর। ওই দিন পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে মহম্মদ ফারহান ওরফে মুসান নামে এক যুবককে গ্রেফতার করে এসটিএফ। তাঁর আস্তানায় তল্লাশি চালিয়ে দু’টি পিস্তল, দু’টি ম্যাগাজিন এবং ২০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এরপরই অবৈধ অস্ত্রের কারবারের সঙ্গে আর কারা জড়িত, কোথা থেকে অস্ত্র আসছে এবং কীভাবে তা পাচার করা হচ্ছে, তা জানতে তদন্ত শুরু করেন গোয়েন্দারা।

ফারহানকে জিজ্ঞাসাবাদ করে শাহনাজ আলম ওরফে গুড্ডু নামে আর এক ব্যক্তির সন্ধান পান তদন্তকারীরা। তাঁর খোঁজে বিহারের মুঙ্গেরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। এরপর চক্রের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে, তা জানতে তদন্তের পরিধি বাড়ানো হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ অক্টোবর ঝাড়খণ্ডের হজারিবাগ এবং বিহারের জমুইয়ে অভিযান চালিয়ে গণেশ রানা ও পবনকুমার সিংহ নামে আরও দু’জনকে গ্রেফতার করা হয়। তাঁদের কাছ থেকেও অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে তদন্তকারী দল। সব মিলিয়ে অস্ত্র পাচার চক্রের সঙ্গে যুক্ত চারজনকে গ্রেফতারের খবর সামনে এসেছে।

তদন্তকারীদের অনুমান, অবৈধ অস্ত্র বিক্রির মাধ্যমে উদ্ধার হওয়া নগদ টাকা অভিযুক্তদের হাতে এসেছিল। তবে ওই টাকা ঠিক কোন লেনদেনের সঙ্গে যুক্ত, তা তদন্ত করে দেখা হচ্ছে। অস্ত্রের উৎস, পাচারের রুট এবং চক্রের আর্থিক লেনদেন সম্পর্কেও তথ্য সংগ্রহ করছেন এসটিএফের আধিকারিকেরা।

এই চক্রের পিছনে আরও কেউ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত অন্যদের শনাক্ত করতে তদন্ত ও তল্লাশি অভিযান জারি রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Related posts

Leave a Comment