এসআইআর মামলার দ্রুত শুনানির আশ্বাস প্রধান বিচারপতির
সংবাদ কলকাতা: আসন্ন পুরসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় নাম বাদ পড়া নাগরিকদের জন্য বড় স্বস্তির খবর দিল সর্বোচ্চ আদালত। শুক্রবার সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত ট্রাইবুনালে বিচারাধীন হাজার হাজার আবেদনের দ্রুত শুনানির আর্জি জানানো হয়। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট জানিয়েছেন, যে সমস্ত এলাকায় পুর নির্বাচন আসন্ন, সেখানকার বাদ পড়া ভোটারদের আবেদন ও নথি শুনানির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আদালতে আইনজীবী গোপালশঙ্কর নারায়ণ সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে জানান যে, আগামী নভেম্বর মাসেই রাজ্যের একাধিক পুরসভায় নির্বাচন হওয়ার কথা রয়েছে। বিশেষ করে কলকাতা ও হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন মিলিয়েই প্রায় ১ লক্ষ ৭০ হাজার ভোটারের নাম অন্তর্ভুক্তির আবেদন ট্রাইবুনালে ঝুলে রয়েছে। সময়মতো এদের আবেদন নিষ্পত্তি না হলে এই বিপুল সংখ্যক নাগরিক তাঁদের গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করা থেকে বঞ্চিত হবেন। প্রধান বিচারপতি জানান, সর্বোচ্চ আদালত সমগ্র বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ অবগত এবং এর একটি বাস্তবসম্মত আইনি সমাধানসূত্র বের করার চেষ্টা করা হচ্ছে। আগামী শুক্রবার অথবা ২৯ অক্টোবরের মধ্যে মামলাটি শুনানির তালিকায় রাখা হতে পারে বলে আশ্বস্ত করেছে শীর্ষ আদালত।
