August 26, 2026
রাজ্য

পুরভোটের আগে কলকাতা-হাওড়া দখলে বিজেপির প্রস্তুতি

সংবাদ কলকাতা: কলকাতা পুরসভার নির্বাচন আগামী নভেম্বর অথবা ডিসেম্বর মাসে হতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। একইসঙ্গে হাওড়া পুরসভার নির্বাচনও রয়েছে। এই পরিস্থিতিতে পুরভোটকে সামনে রেখে ইতিমধ্যেই সংগঠন ও রণকৌশল সাজাতে শুরু করেছে বিজেপি। কলকাতা ও হাওড়া পুরসভা দখলের লক্ষ্যে দায়িত্বও বণ্টন করা হয়েছে দলের অন্দরে। নির্বাচন নিয়ে কেন্দ্র ও রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে বৈঠকও হয়েছে।

বিজেপির ওই বৈঠকে সুনীল বনসল, সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তী-সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পুরসভা নির্বাচনের প্রস্তুতি, প্রচারের কৌশল এবং সংগঠনকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে খবর। বুধবার প্রাতঃভ্রমণে বেরিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষও পুরভোটে দল বোর্ড গঠনের লক্ষ্য নিয়ে লড়াই করবে বলে বার্তা দিয়েছেন।

কলকাতা পুরসভা নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিয়ে একটি কমিটিও তৈরি করেছে বিজেপি। সেই কমিটির নেতৃত্বে রয়েছেন তাপস রায়। কমিটিতে সজল ঘোষ, রীতেশ তিওয়ারি, স্বপন দাশগুপ্ত-সহ একাধিক নেতা রয়েছেন। কলকাতা পুরসভার বিভিন্ন এলাকার সঙ্গে দীর্ঘদিনের পরিচিতি রয়েছে এমন নেতাদেরই কমিটিতে রাখা হয়েছে বলে বিজেপি সূত্রে দাবি।

পুরভোটের জন্য গঠিত এই কমিটি দলের সংকল্পপত্রে কী কী বিষয় থাকবে এবং প্রচারের রণকৌশল কী হবে, তা নিয়ে কাজ করবে। কলকাতা ও হাওড়া পুরসভায় ক্ষমতায় এলে বিজেপি কী ধরনের উন্নয়ন করবে এবং নাগরিক পরিষেবায় কী পরিবর্তন আনবে, সেই বিষয়গুলিও প্রচারে তুলে ধরা হতে পারে।

এদিকে পুরসভা নির্বাচন নিয়ে দিলীপ ঘোষ বলেন, হাওড়ায় দীর্ঘদিন নির্বাচন হয়নি। তাঁর বক্তব্য, নির্বাচন না হলে নাগরিকরা ঠিকমতো পরিষেবা পাবেন না এবং উন্নয়নও ব্যাহত হবে। একইসঙ্গে তিনি দাবি করেন, আগামী পুরভোটেও লড়াই করে রাজ্যে বিজেপি নিজেদের বোর্ড গঠন করবে।

বর্তমানে কলকাতা পুরসভার ওয়ার্ডভিত্তিক ডিলিমিটেশনের কাজ চলছে। সেই কাজ শেষ হওয়ার পরই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে পারে বলে মনে করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে নভেম্বরেই ভোট হতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে নতুন কলকাতা পুরবোর্ড গঠনের সময়সীমা রয়েছে বলেই তার আগেই নির্বাচন প্রক্রিয়া শেষ করার প্রয়োজন হবে।

এই পরিস্থিতিতে ভোটের আগে বিজেপির বিশেষ কমিটি গঠন এবং দলীয় বিধায়কদের সঙ্গে নেতৃত্বের বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কলকাতা ও হাওড়া পুরসভাকে লক্ষ্য করে এখন থেকেই সংগঠন এবং প্রচারের প্রস্তুতি জোরদার করছে গেরুয়া শিবির।

Related posts

Leave a Comment