July 24, 2026
দেশ

এজলাসের অডিয়ো-ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়ানোয় কড়া রাশ, অনুমতি ছাড়া প্রচারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের

দিল্লি, — আদালতের শুনানির অডিয়ো বা ভিডিয়ো রেকর্ড করে সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রবণতার বিরুদ্ধে কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, সংশ্লিষ্ট আদালতের অনুমতি ছাড়া আদালতের কার্যক্রমের কোনও অডিয়ো বা ভিডিয়ো রেকর্ডিং সমাজমাধ্যম বা অন্য কোনও ডিজিটাল মাধ্যমে পোস্ট, প্রচার, পরিবর্তন কিংবা পুনঃপ্রচার করা যাবে না। আদালত মন্তব্য করেছে, ‘আদালত কোনও ২৪ ঘণ্টার বিনোদনের চ্যানেল নয়।’

এক সাংবাদিকের দায়ের করা জনস্বার্থ মামলার শুনানিতে এই অন্তর্বর্তী নির্দেশ দেয় শীর্ষ আদালত। মামলায় অভিযোগ করা হয়েছিল, আদালতের কার্যক্রমের বাছাই করা অংশ সমাজমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। এতে বিচারব্যবস্থার মর্যাদা যেমন ক্ষুণ্ণ হচ্ছে, তেমনই সাধারণ মানুষের আস্থাতেও নেতিবাচক প্রভাব পড়ছে।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, আদালতের কার্যক্রমের অডিয়ো বা ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ করতে হলে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে সেক্রেটারি জেনারেল এবং হাই কোর্টের ক্ষেত্রে সংশ্লিষ্ট হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের অনুমতি বাধ্যতামূলক। অনুমতি ছাড়া কোনও রেকর্ডিং থেকে আর্থিক লাভও করা যাবে না। তবে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলে স্পষ্ট করেছে আদালত।

রায়ের ব্যাখ্যা দিতে গিয়ে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, আদালতের কার্যক্রমের সরাসরি সম্প্রচারও নিয়ন্ত্রণ করা প্রয়োজন। প্রয়োজন থাকলে নির্দিষ্ট পক্ষ তা দেখতে পারবেন, কিন্তু নির্বিচারে সম্প্রচার গ্রহণযোগ্য নয়। তাঁর কথায়, ‘আদালত কোনও ২৪ ঘণ্টার বিনোদনের চ্যানেল হতে পারে না।’

শুনানির সময় কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানান, বিভিন্ন সমাজমাধ্যমে আদালতের শুনানির অসংখ্য ভিডিয়ো ছড়িয়ে পড়ছে। এমনকি আইনজীবীদের সওয়ালের অংশও প্রকাশ করা হচ্ছে। এর জবাবে বিচারপতি বাগচী মন্তব্য করেন, ‘ঝুলি থেকে বাঘ বেরিয়ে গিয়েছে। এখন তাকে নিয়ন্ত্রণ করা কঠিন।’

ভার্চুয়াল শুনানির ক্ষেত্রেও উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, ভার্চুয়াল শুনানির লিঙ্ক নির্বিচারে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা কাম্য নয়। এই বিষয়ে বিভিন্ন সমাজমাধ্যম পরিচালনাকারী সংস্থাকে নোটিস জারি করা হয়েছে।

মামলাকারীর আইনজীবী বিকাশ সিংহ আদালতে জানান, সম্প্রতি সুপ্রিম কোর্টে ঘটে যাওয়া একটি ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল। সেই ধরনের ঘটনার অপব্যবহার বিচারব্যবস্থার ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আদালতের ভিডিয়ো বিকৃত করে ভুয়ো তথ্য ছড়ানোর আশঙ্কার কথাও আদালতের নজরে আনা হয়।

প্রধান বিচারপতি সূর্য কান্ত নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, তিনি যা কখনও বলেননি, তাও তাঁর নামে প্রচার করা হয়েছে। সাম্প্রতিক একটি ঘটনাকে ঘিরে তাঁর বিরুদ্ধে যে দাবি সমাজমাধ্যমে ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলেও মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্য, যাচাই না করে খবর প্রচার করা হলে বিচারব্যবস্থা সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়, যা কোনওভাবেই কাম্য নয়।

Related posts

Leave a Comment