31 C
Kolkata
June 2, 2026
দেশ

কাগুজে নোটের বদলে কি আসছে প্লাস্টিকের টাকা? আরবিআইয়ের ভাবনায় নতুন মুদ্রা ব্যবস্থা

নয়াদিল্লি, ২৭ মে: দেশে কাগুজে নোটের পরিবর্তে প্লাস্টিক বা পলিমার নোট চালুর সম্ভাবনা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) নোটের স্থায়িত্ব বৃদ্ধি এবং উৎপাদন খরচ কমানোর লক্ষ্যেই এই বিকল্প নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে বলে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে।

সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আরবিআইয়ের বোর্ডের সাম্প্রতিক কয়েকটি বৈঠকে পলিমার নোট চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, প্রচলিত কাগুজে নোটের তুলনায় প্লাস্টিকের নোট অনেক বেশি টেকসই। সহজে ছিঁড়ে যায় না, জল বা আর্দ্রতার প্রভাবেও দ্রুত নষ্ট হয় না। ফলে দীর্ঘমেয়াদে নোট ছাপানো ও পরিবর্তনের খরচ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হতে পারে।

সূত্রের দাবি, প্রযুক্তিগত এবং আর্থিক দিক থেকে এই পরিবর্তন কার্যকর করার সক্ষমতা রয়েছে ভারতের। পলিমার নোট চালু হলে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রেও কোনও সমস্যা হবে না। প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

তবে আরবিআই সূত্রে ইঙ্গিত, প্রথম ধাপেই সারা দেশে একযোগে প্লাস্টিকের নোট চালু করা হবে না। বরং পরীক্ষামূলক প্রকল্প হিসেবে নির্দিষ্ট কিছু এলাকায় বা নির্দিষ্ট মূল্যমানের নোটে পলিমার প্রযুক্তি প্রয়োগ করা হতে পারে। সেই পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে ধাপে ধাপে বৃহত্তর পরিসরে এই নোট চালুর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বিশ্বের একাধিক দেশ ইতিমধ্যেই পলিমার নোট ব্যবহার করছে। অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য এবং সিঙ্গাপুরের মতো দেশে এই ধরনের নোট দীর্ঘদিন ধরে প্রচলিত। ফলে ভারতও ভবিষ্যতে একই পথে হাঁটতে পারে বলে মনে করছেন অর্থনীতি ও ব্যাংকিং মহলের একাংশ।

যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত আরবিআইয়ের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে কেন্দ্রীয় ব্যাঙ্কের অভ্যন্তরীণ আলোচনার খবর প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে কৌতূহল ও জল্পনা তুঙ্গে উঠেছে।

Related posts

Leave a Comment