সংবাদ কলকাতা : তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-এর পরিবারের কালীঘাটের (Kalighat) বাড়ির নির্মাণ সংক্রান্ত নথি খতিয়ে দেখতে তাঁর বাবা অমিত বন্দ্যোপাধ্যায় (Amit Banerjee)-কে তলব করেছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। শুক্রবার তাঁকে আলিপুরে (Alipore) পুরসভার ৯ নম্বর বরো অফিসের (Borough IX Building Department) বিল্ডিং বিভাগে হাজির হয়ে প্রয়োজনীয় নথি জমা দিতে বলা হয়েছে।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, কালীঘাট এলাকার দু’টি সম্পত্তির অনুমোদিত বিল্ডিং প্ল্যান (Building Plan), নির্মাণ সংক্রান্ত নথি এবং মূল নকশা থেকে কোনও বিচ্যুতি হয়েছে কি না, তা যাচাই করা হবে। এর আগে পুরসভার কর্মীরা সংশ্লিষ্ট বাড়িতে গিয়ে পরিমাপের কাজও করেছেন এবং নোটিস পাঠিয়েছিলেন।
শুধু ব্যক্তিগত আবাসনই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’ (Leaps and Bounds)-এর সম্পত্তিও পুরসভার নজরে রয়েছে। কলকাতা পুরসভার ৪০১ ধারায় (Section 401, Kolkata Municipal Corporation Act) সংস্থার কাছে অনুমোদিত নকশা, নির্মাণ সংক্রান্ত নথি এবং অতিরিক্ত নির্মাণের অনুমতির কাগজ চাওয়া হয়েছে। সংস্থার পক্ষ থেকে নথি জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চাওয়া হয়েছিল বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, গত মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কিত একাধিক ঠিকানায় নোটিস পাঠানোর পর সেই পদক্ষেপকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন অমিত বন্দ্যোপাধ্যায় এবং লতা বন্দ্যোপাধ্যায় (Lata Banerjee)। তাঁদের দাবি, ২৯-সি, হরিশ চ্যাটার্জি স্ট্রিট-সহ সংশ্লিষ্ট সম্পত্তিগুলি বৈধ অনুমোদন মেনেই নির্মিত হয়েছে। নোটিস বাতিলের আবেদনও আদালতে করা হয়েছে।
এ বার পুরসভার দপ্তরে জমা পড়া নথি খতিয়ে দেখেই পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর।
