বাঘপতকে উড়িয়ে দুরন্ত জয় সাদা-কালো ব্রিগেডের
আইএসএল থেকে অবনমনের পর নতুন মরশুমে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ডুরান্ড কাপে (Durand Cup) অভিযান শুরু করেছিল মহমেডান স্পোর্টিং। সেই লক্ষ্যে প্রথম ধাপেই বড় সাফল্য পেল সাদা-কালো ব্রিগেড। যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) গ্রুপ বি-র ম্যাচে বাঘপত এফসি (Baghpat FC)-কে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসী সূচনা করল কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব।
ম্যাচের নায়ক পরিবর্ত ফুটবলার লালরেমসাঙ্গা ফানাই (Lalremsanga Fanai)। তিনি জোড়া গোল করেন। এছাড়া একটি করে গোল করেন মহম্মদ ফারদিন আলি মোল্লা (Mohammad Fardeen Ali Molla) এবং ইসরাফিল দেওয়ান (Israfil Dewan)।

অন্যদিকে, ২০২৫-২৬ মরশুমে আই-লিগ ৩(I-League 3) জিতে আই-লিগ ২ (I-League 2)-এ উন্নীত হওয়া বাঘপত এফসি প্রথমবার ডুরান্ড কাপে খেলতে নেমেছিল। কিন্তু অভিজ্ঞ মহমেডানের বিরুদ্ধে শুরু থেকেই চাপে পড়ে তারা।
প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও গোল পেতে ২৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় মহমেডানকে। ডান দিক দিয়ে লালনগাইহসাকা লালনুন্তলুয়াঙ্গা (Lalngaihsaka Lalnuntluanga) ও লালথাঙ্কিমা (Lalthankima)র দারুণ সমন্বয়ে তৈরি আক্রমণ থেকে মহম্মদ ফারদিন আলি মোল্লা গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে সাদা-কালো ব্রিগেড। ৬২ মিনিটে জোড়া পরিবর্তন করেও ম্যাচে ফিরতে পারেনি বাঘপত। বরং পরিবর্ত ফুটবলারদের হাত ধরেই ম্যাচের রাশ আরও শক্ত করে ধরে মহমেডান।

৭৩ মিনিটে মাঠে নেমেই নিজের ছাপ রেখে যান লালরেমসাঙ্গা ফানাই। প্রতিপক্ষের ভুল পাস কেড়ে নিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে ব্যবধান ২-০ করেন তিনি।
৮০ মিনিটে বাঘপতের গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ইসরাফিল দেওয়ান সহজ শটে তৃতীয় গোল করেন। চার মিনিট পর গোলরক্ষক শুভদীপের লম্বা বল ধরে দ্রুত পাল্টা আক্রমণে উঠে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে গোলরক্ষককে কাটিয়ে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন ফানাই।

পরিসংখ্যানেও ছিল মহমেডানের পূর্ণ আধিপত্য। গোটা ম্যাচে তারা ২৪টি শট নেয়, যেখানে বাঘপতের শট ছিল মাত্র ১০টি। শুরু থেকে শেষ পর্যন্ত একতরফা দাপট দেখিয়ে ৪-০ ব্যবধানে জয় তুলে নিয়ে ডুরান্ড কাপ অভিযান স্মরণীয়ভাবে শুরু করল মহমেডান স্পোর্টিং।
