November 27, 2026
রাজ্য

যানজট কমাতে দার্জিলিংয়ে কলকাতা পুলিশের বিশেষজ্ঞ দল

দার্জিলিং— পাহাড়ের সরু রাস্তা, বাড়তে থাকা গাড়ির সংখ্যা আর পর্যটকদের ভিড়। সব মিলিয়ে দার্জিলিংয়ের যানজট এখন স্থানীয় বাসিন্দা থেকে পর্যটক, সকলের কাছেই বড় সমস্যা। এই পরিস্থিতি মোকাবিলায় এবার কলকাতা পুলিশের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চলেছে দার্জিলিং জেলা পুলিশ। যানজটের স্থায়ী সমাধান খুঁজতে চার দিনের সমীক্ষায় দার্জিলিং পাহাড়ে পৌঁছেছে কলকাতা পুলিশের পাঁচ সদস্যের বিশেষজ্ঞ দল। দার্জিলিং, কার্শিয়ং, সোনাদা, জোরবাংলো, মিরিক-সহ একাধিক এলাকায় ঘুরে রাস্তার পরিস্থিতি খতিয়ে দেখছেন তাঁরা।

বিশেষজ্ঞ দলের সদস্যরা রাস্তার প্রস্থ, গাড়ি পার্কিংয়ের জায়গা, ট্রাফিক সিগন্যাল, সাইনবোর্ড এবং দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলি পরিদর্শন করছেন। কোথায় যানজট বেশি হচ্ছে, কোন জায়গায় পার্কিংয়ের অভাব রয়েছে এবং কীভাবে সীমিত জায়গার মধ্যেই যান চলাচল স্বাভাবিক রাখা যায়, তা নিয়ে সমীক্ষা চালানো হচ্ছে। চার দিনের পরিদর্শন শেষে জেলা পুলিশের হাতে একটি বিস্তারিত কারিগরি রিপোর্ট তুলে দেবেন তাঁরা।

কলকাতা পুলিশের এই পাঁচ সদস্যের দলে রয়েছেন একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তিনজন ইন্সপেক্টর এবং একজন সার্জেন্ট। দলের নেতৃত্বে রয়েছেন এসিপি ট্রাফিক সুমিত সাঁতরা। এর আগে তিনি দার্জিলিংয়ে ডিএসপি পদে দায়িত্ব পালন করেছেন। ফলে পাহাড়ের রাস্তা ও ভৌগোলিক পরিস্থিতি সম্পর্কে তাঁর পূর্ব অভিজ্ঞতা রয়েছে। দলে রয়েছেন কলকাতার ট্রাফিক পরিকল্পনা ও সমীক্ষার দায়িত্বে থাকা ইন্সপেক্টর সুমন বসু, রোড সেফটি সংক্রান্ত দায়িত্বে থাকা ইন্সপেক্টর তুষার মান্না, ইন্সপেক্টর শিশির দাস এবং সার্জেন্ট বিষ্ণু মহাপাত্র।

এই উদ্যোগ প্রসঙ্গে দার্জিলিংয়ের পুলিশ সুপার ওয়াই শ্রীকান্ত জগন্নাথরাও জানিয়েছেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই পাহাড়কে নেশামুক্ত ও যানজটমুক্ত করা তাঁর অন্যতম লক্ষ্য। কলকাতা পুলিশের ট্রাফিক নিয়ন্ত্রণের অভিজ্ঞতা বিশেষ করে দুর্গাপুজোর মতো বড় উৎসবে ভিড় সামলানোর দক্ষতা দেশের বিভিন্ন প্রান্তে পরিচিত। সেই অভিজ্ঞতা কাজে লাগাতেই কলকাতার পুলিশ কমিশনারের কাছে বিশেষজ্ঞ দল পাঠানোর অনুরোধ করা হয়েছিল।

পুলিশ সুপারের বক্তব্য, যানজটের সমস্যা শুধু পুলিশের পক্ষে সমাধান করা সম্ভব নয়। এর সঙ্গে জাতীয় সড়ক কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, জিটিএ, পুরসভা, স্কুল এবং সড়ক উন্নয়ন সংস্থার মতো একাধিক পক্ষ যুক্ত। বিশেষজ্ঞ দলের রিপোর্ট হাতে পাওয়ার পর সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় প্রশাসনিক ও পরিকাঠামোগত পরিবর্তনের পরিকল্পনা করা হবে। এর আগে ড্রোনের সাহায্যে দার্জিলিং পুলিশের তরফে রাস্তার প্রস্থ ও পরিকাঠামো সংক্রান্ত সমীক্ষাও করা হয়েছিল। সেই তথ্যের সঙ্গে নতুন রিপোর্ট মিলিয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে।

দার্জিলিং ট্রাফিক পুলিশের ডিএসপি অরিন্দম অধিকারি জানিয়েছেন, পাহাড়ের রাস্তা সংকীর্ণ এবং ঢাল অনেক বেশি হওয়ায় যান চলাচল নিয়ন্ত্রণে সমস্যা তৈরি হয়। তার উপর একাধিক জায়গায় রেলক্রসিং থাকায় ট্রেন চলাচলের সময় অল্পক্ষণের জন্য যানবাহন আটকে গেলেও পিছনে দীর্ঘ লাইন তৈরি হয়ে যায়।



বাতাসিয়া লুপ, ঘুম রেলওয়ে স্টেশন এবং দার্জিলিং রেলওয়ে স্টেশনের মতো পর্যটনকেন্দ্রগুলিতে সমস্যা আরও বেশি। পর্যটকেরা গাড়ি থেকে নামার জন্য রাস্তার পাশে যানবাহন দাঁড় করালে পিছনে তৈরি হয় দীর্ঘ যানজট। পর্যাপ্ত পার্কিংয়ের জায়গা না থাকায় চালকদের অনেক সময় রাস্তার ধারেই গাড়ি রাখতে হয়। বর্তমানে জেলায় মাত্র তিনটি পার্কিংয়ের জায়গা রয়েছে, যা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়।

বিশেষ করে জোরবাংলো থেকে বাতাসিয়া যাওয়ার পথে রাস্তা সরু হয়ে আসায় এবং মঠ ও শেরপা গুম্ফার আশপাশে যানজট তৈরি হয়। এই সমস্যা মেটাতে বাতাসিয়ার কাছে বন দপ্তরের জমি বা উপযুক্ত অন্য জায়গায় প্রশাসনের সমন্বয়ে নতুন পার্কিং ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, কলকাতা পুলিশের এসিপি ট্রাফিক সুমিত সাঁতরা জানিয়েছেন, পাহাড়ে রাতারাতি রাস্তা চওড়া করা কিংবা বাড়িঘর ভেঙে নতুন পার্কিং তৈরি করা বাস্তবসম্মত নয়। তাই বর্তমানে যে জায়গা ও পরিকাঠামো রয়েছে, তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করেই সমাধানের পথ খুঁজতে হবে।

তাঁর মতে, রাস্তার ধারে বেআইনি পার্কিং বন্ধ করা, নির্দিষ্ট জায়গায় নো-পার্কিং ব্যবস্থা কার্যকর করা এবং গাড়ি রেখে চালকদের দীর্ঘক্ষণ অন্যত্র চলে যাওয়ার প্রবণতা আটকানো জরুরি। পাশাপাশি রাস্তার যে অংশগুলি অব্যবহৃত অবস্থায় রয়েছে বা অন্য কাজে ব্যবহার হচ্ছে, সেগুলিকে যান চলাচলের উপযোগী করে তোলার বিষয়টিও বিবেচনা করা যেতে পারে। কোথাও রেললাইনের সমান্তরাল জায়গায় কংক্রিটের পথ বা পেভার ব্লক বসিয়ে অতিরিক্ত জায়গা তৈরি করা সম্ভব কি না, তা নিয়েও ভাবনাচিন্তা চলছে।

নতুন হোটেল ও আবাসন তৈরির ক্ষেত্রেও নিজস্ব পার্কিংয়ের ব্যবস্থা বাধ্যতামূলক করার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন তিনি। হোটেলের অতিথিদের গাড়ি যাতে রাস্তার উপর দাঁড় করিয়ে রাখা না হয়, সেদিকেও নজর দিতে হবে। পাশাপাশি চালক, পথচারী, পড়ুয়া এবং সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক সচেতনতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ ও সচেতনতামূলক ক্লাসের প্রস্তাবও দিয়েছেন কলকাতা পুলিশের আধিকারিকেরা।

সব মিলিয়ে, কলকাতা পুলিশের বিশেষজ্ঞ দলের সমীক্ষা এবং বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বয়ে দার্জিলিংয়ের যানজট সমস্যার সমাধান খোঁজার চেষ্টা চলছে। পাহাড়ের ভৌগোলিক সীমাবদ্ধতা মাথায় রেখে তৈরি এই পরিকল্পনা কতটা কার্যকর হয়, এখন সেদিকেই তাকিয়ে স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা।

Related posts

Leave a Comment