November 27, 2026
রাজ্য

বাংলাতেই এআই শিখবে গ্রামের পড়ুয়ারা

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর— কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিক্ষায় আর ভাষার বাধা থাকবে না। গ্রামবাংলার পড়ুয়ারাও যাতে আধুনিক প্রযুক্তির পাঠ নিতে পারে, সেই লক্ষ্যেই মাতৃভাষায় এআই শেখানোর উদ্যোগ নিতে চলেছে খড়গপুর আইআইটি। বাংলা মাধ্যমে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের কাছে প্রযুক্তির জটিল বিষয়গুলি সহজবোধ্য করে তুলতেই এই পরিকল্পনা। মেদিনীপুরের একটি অনুষ্ঠানে এমনই উদ্যোগের কথা জানিয়েছেন খড়গপুর আইআইটির ডিরেক্টর সুমন চক্রবর্তী।

তাঁর মতে, গ্রামবাংলার পড়ুয়াদের মধ্যে মেধার কোনও অভাব নেই। কিন্তু ইংরেজি ভাষায় স্বচ্ছন্দ না হওয়ার কারণে অনেক সময় উচ্চশিক্ষা এবং প্রযুক্তিশিক্ষার ক্ষেত্রে পিছিয়ে পড়েন তাঁরা। বিশেষ করে কারিগরি শিক্ষার জগতে প্রবেশের পর ভাষার সমস্যা আরও প্রকট হয়ে ওঠে। সেই বাধা কাটাতেই মাতৃভাষায় প্রযুক্তিশিক্ষার উপর জোর দিতে চাইছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে পড়াশোনা, চিকিৎসা, গবেষণা, শিল্প থেকে শুরু করে ব্যবসা— প্রায় প্রতিটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। স্মার্টফোনের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও জায়গা করে নিয়েছে এই প্রযুক্তি। ফলে আগামী দিনে কর্মসংস্থান ও উচ্চশিক্ষার ক্ষেত্রেও এআই সম্পর্কে জ্ঞান থাকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই পরিস্থিতিতে বাংলা মাধ্যমের পড়ুয়ারা যাতে প্রযুক্তির দৌড়ে পিছিয়ে না পড়েন, সেই উদ্যোগ নিয়েছে খড়গপুর আইআইটি।

সুমন চক্রবর্তীর বক্তব্য, দশম শ্রেণি পর্যন্ত আঞ্চলিক ভাষায় পড়াশোনা করা ছাত্রছাত্রীদের একাদশ ও দ্বাদশ শ্রেণিতে সাধারণত খুব বেশি সমস্যায় পড়তে হয় না। কিন্তু উচ্চশিক্ষায়, বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তির মতো বিষয়ে পড়াশোনা করতে গিয়ে ভাষার সমস্যা তৈরি হয়। কারণ, অধিকাংশ ক্ষেত্রেই শিক্ষকরা ইংরেজিতে পড়ান। ফলে বিষয়বস্তু বোঝার পাশাপাশি প্রযুক্তিগত পরিভাষা আয়ত্ত করতেও সমস্যায় পড়েন পড়ুয়ারা।



আইআইটি ডিরেক্টরের মতে, গ্রাম থেকে উঠে আসা পড়ুয়া এবং ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের মধ্যে অনেক সময় আত্মবিশ্বাসের ব্যবধান তৈরি হয়। অথচ মেধার বিচারে গ্রামের পড়ুয়ারা কোনও অংশে কম নন। ইংরেজিতে কথা বলা কিংবা জটিল প্রযুক্তিগত বিষয় বোঝার ক্ষেত্রে আত্মবিশ্বাসের অভাবই অনেকের সামনে বাধা হয়ে দাঁড়ায়।

তিনি আরও জানান, আইআইটিতে পড়ার সুযোগ পাওয়া ছাত্রছাত্রীরা অনেকেই নিজেদের উদ্যোগে এই ভাষাগত সমস্যা কাটিয়ে ওঠেন। কিন্তু যাঁরা সেই সুযোগ পান না, তাঁদের কাছে আধুনিক প্রযুক্তির জগতে প্রবেশ আরও কঠিন হয়ে পড়ে। তাই পরিচিত মাতৃভাষায় প্রযুক্তির পাঠ পৌঁছে দেওয়া প্রয়োজন বলে মনে করছেন তিনি।

খড়গপুর আইআইটির এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলা মাধ্যমের পড়ুয়ারা নিজেদের ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ পাবেন। একই সঙ্গে গ্রাম ও শহরের পড়ুয়াদের মধ্যে প্রযুক্তিশিক্ষার ব্যবধান কমানোর পথও খুলতে পারে এই পরিকল্পনা।

Related posts

Leave a Comment