শিলিগুড়ি— রাজনৈতিক পালাবদলের পর পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা এবং প্রশাসনিক ব্যবস্থায় বড় পরিবর্তন এসেছে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে ভারতীয় ন্যায় সংহিতা সংক্রান্ত বিশেষ প্রদর্শনীতে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারের প্রশংসা করেন তিনি। একই সঙ্গে আগের তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান।
শাহের দাবি, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। তাঁর বক্তব্য, আগের সময়ে রাজ্যে রাজনৈতিক প্রভাব এবং ‘ক্যাডার রাজ’ চলত। এখন প্রশাসন আইন অনুযায়ী কাজ করছে এবং সাধারণ মানুষ তার সুফল পাচ্ছেন।

ভারতীয় ন্যায় সংহিতা রাজ্যে কার্যকর করার বিষয়েও তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, আগের সরকার নতুন আইন কার্যকর করার জন্য প্রয়োজনীয় বিজ্ঞপ্তি পর্যন্ত জারি করেনি। তাঁর অভিযোগ, ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর হলে কাটমানি এবং সিন্ডিকেটের মতো ব্যবস্থার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা সম্ভব হত।
শাহ বলেন, ‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথম দিকেই এই ফাইলে সই করেছেন। এর ফলে পুরনো ঔপনিবেশিক আমলের আইন সরিয়ে নতুন আইনি কাঠামো কার্যকর হয়েছে।’
নতুন তিনটি ফৌজদারি আইন সাধারণ মানুষের নিরাপত্তা এবং অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়মের মাধ্যমে নাগরিকের নিরাপত্তা, সম্পত্তির সুরক্ষা এবং দ্রুত বিচার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে বলে জানান তিনি।
বিচারপ্রক্রিয়া দ্রুত করার বিষয়েও বড় দাবি করেন শাহ। তাঁর বক্তব্য, নির্দিষ্ট সময়ের মধ্যে বিচারপ্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে। পুলিশ এবং প্রশাসনকে নতুন আইনি কাঠামো অনুযায়ী কাজ করার বার্তাও দেন তিনি।

শিলিগুড়ির অনুষ্ঠানে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়েও বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, যোগ্য শরণার্থীদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। তবে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট বার্তা দেন তিনি।
হের অভিযোগ, আগের রাজ্য সরকার অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধা দিয়েছে। তাঁর দাবি, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এই বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য এমন সময়ে সামনে এল, যখন উত্তরবঙ্গের সীমান্ত নিরাপত্তা নিয়ে একাধিক কর্মসূচিতে যোগ দিতে শিলিগুড়িতে রয়েছেন তিনি। সশস্ত্র সীমা বলের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা এবং অনুপ্রবেশ রোধ নিয়েও আলোচনা করেছেন শাহ।
শিলিগুড়ির মঞ্চ থেকে শাহের বক্তব্যে রাজ্যের আইনশৃঙ্খলা, নতুন ফৌজদারি আইন এবং অনুপ্রবেশ—তিনটি বিষয়ই গুরুত্ব পেয়েছে। রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক ব্যবস্থায় পরিবর্তন এসেছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
