দিল্লি— লোকসভার আসন সংখ্যা বাড়ানো এবং আসন পুনর্বিন্যাসের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেল নতুন বিলের খসড়া। প্রস্তাব অনুযায়ী, দেশের প্রতিটি রাজ্যে লোকসভার আসন সংখ্যা ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে। বর্তমানে লোকসভার ৫৪৩টি আসন বেড়ে সর্বোচ্চ ৮৫০ হতে পারে। পাশাপাশি, পুনর্বিন্যাসের পর রাজ্যভিত্তিক যে আসন সংখ্যা নির্ধারিত হবে, তা আগামী ২৫ বছর অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
কেন্দ্রের এই সিদ্ধান্ত ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ঘটনাচক্রে, শুক্রবার সকালেই লোকসভার আসন বাড়ানোর পক্ষে সওয়াল করেছিলেন ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন। রাজনৈতিক মহলের একাংশের মতে, কেন্দ্রের এই প্রস্তাবের ফলে ডিএমকের ২২ জন লোকসভা সাংসদের সমর্থন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি (শরদ)-এর আট সাংসদও প্রস্তাবিত বিলের পক্ষে যেতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে।
আগামী ৩০ নভেম্বর থেকে সংসদের বর্ধিত অধিবেশন শুরু হচ্ছে। লোকসভা ও রাজ্যসভায় এই বিল পাস করানোর চেষ্টা করতে পারে কেন্দ্র। ৩০ নভেম্বর লোকসভার অধিবেশন শুরু হবে। রাজ্যসভার অধিবেশন বসবে ২ ডিসেম্বর। সংসদের এই বিশেষ পর্ব চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পর এবার সংসদে বিলটি পেশ ও পাস করানোর দিকেই নজর রাজনৈতিক মহলের।
প্রস্তাবিত ১৩১তম সংবিধান সংশোধনী বিলের মূল লক্ষ্য লোকসভার আসন বৃদ্ধি, পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ কার্যকর করার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, আসন পুনর্বিন্যাসের ক্ষেত্রে ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে রাজ্যগুলির মধ্যে আসনের আনুপাতিক হার বজায় রাখার সময়সীমা আরও ২৫ বছর বাড়ানো হচ্ছে। অর্থাৎ, ২০৫১ সাল পর্যন্ত রাজ্যগুলির মধ্যে লোকসভা আসনের আনুপাতিক বণ্টন অপরিবর্তিত রাখার পরিকল্পনা করা হয়েছে।
এত দিন সিদ্ধান্ত ছিল, ২০২৬ সালের পর প্রথম জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাসের সাংবিধানিক প্রক্রিয়া এগোবে। কিন্তু নতুন জনগণনার তথ্য এখনও পাওয়া যায়নি। সেই পরিস্থিতিতে ১৯৭১ সালের জনগণনাকে ভিত্তি করে রাজ্যগুলির মধ্যে আসনের অনুপাত বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এর ফলে জনসংখ্যার ভিত্তিতে রাজ্যগুলির মধ্যে আসনের ভারসাম্য বদলে যাওয়ার আশঙ্কা আপাতত এড়ানো সম্ভব হবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।এই সিদ্ধান্তের রাজনৈতিক তাৎপর্যও

যথেষ্ট। দক্ষিণ ভারতের একাধিক রাজ্য দীর্ঘদিন ধরেই আশঙ্কা প্রকাশ করে আসছে, জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস হলে জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল রাজ্যগুলির লোকসভায় প্রতিনিধিত্ব কমে যেতে পারে। অন্যদিকে, জনসংখ্যা বেশি এমন রাজ্যগুলির আসন সংখ্যা তুলনামূলকভাবে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ১৯৭১ সালের জনগণনার অনুপাত বজায় রাখার প্রস্তাব সেই উদ্বেগ কিছুটা প্রশমিত করতে পারে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা টিভিকে প্রতিষ্ঠাতা সি জোসেফ বিজয় শুক্রবার দাবি করেছেন, বিলকে সমর্থন করার বিষয়ে বিজেপির সঙ্গে ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের সমঝোতা হয়েছে। যদিও এই দাবির বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট নয়। তবে কেন্দ্রের নতুন প্রস্তাবের ফলে বিরোধী শিবিরের কয়েকটি দলের সমর্থন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।
মহিলা সংরক্ষণ কার্যকর করার বিষয়টিও এই বিলের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর লোকসভায় এবং ২১ সেপ্টেম্বর রাজ্যসভায় পাশ হয়েছিল ১০৬তম সংবিধান সংশোধনী বিল। ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ নামে পরিচিত ওই আইনে লোকসভা ও রাজ্য বিধানসভায় এক-তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণের কথা বলা হয়েছিল। তবে সেই সংরক্ষণ কার্যকর করার বিষয়টি জনগণনা ও আসন পুনর্বিন্যাসের সঙ্গে যুক্ত থাকায় এখনও বাস্তবায়িত হয়নি।
এবার লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে এবং পুনর্বিন্যাসের প্রক্রিয়া এগিয়ে নিয়ে গিয়ে মহিলা সংরক্ষণ কার্যকর করার পথ প্রশস্ত করতে চাইছে কেন্দ্র। সংসদের বর্ধিত অধিবেশনে বিলটি পাস করানো সম্ভব হয় কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। একই সঙ্গে রাজ্যগুলির প্রতিনিধিত্বের ভারসাম্য বজায় রাখা এবং বিরোধী দলগুলির সমর্থন আদায় করাও মোদী সরকারের কাছে বড় চ্যালেঞ্জ হতে চলেছে।
