সংবাদ কলকাতা: এসআইআর প্রক্রিয়ায় ট্রাইবুনালে বিচারাধীন ভোটারদের ব্যক্তিগত তথ্য ও নথি সংগ্রহে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ক্রমশ বাড়ছে। গত কয়েক দিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় পুলিশকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সংশ্লিষ্ট ভোটারদের তথ্য সংগ্রহ করতে দেখা যাচ্ছে। পুলিশের এই পদক্ষেপের বৈধতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এ বার সেই বিতর্ক পৌঁছে গেল সুপ্রিম কোর্টে।
শুক্রবার এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চে বিষয়টি উত্থাপন করেন আইনজীবী গোপালশঙ্কর নারায়ণন। তাঁর অভিযোগ, পুলিশ যে ভাবে ট্রাইবুনালে বিচারাধীন ভোটারদের তথ্য সংগ্রহ করছে, তা অত্যন্ত গুরুতর বিষয়। এমনকি, এই পদক্ষেপ বিচারবিভাগের কাজে হস্তক্ষেপের সামিল বলেও তিনি দাবি করেন। অন্য দিকে, আইনজীবী প্রশান্ত ভূষণের অভিযোগ, নির্বাচন কমিশনের অগোচরেই রাজ্য সরকার নিজেদের মতো করে ভোটারদের তথ্য সংগ্রহ করছে। বিষয়টি কলকাতা হাই কোর্টে উত্থাপনের পরামর্শ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
গত দু’দিন ধরে হাওড়া, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা-সহ রাজ্যের একাধিক জেলায় ট্রাইবুনালে আবেদন করা ভোটারদের কাছ থেকে বিভিন্ন তথ্য ও নথি সংগ্রহ করছে পুলিশ। কিন্তু কার নির্দেশে এবং কী উদ্দেশ্যে এই কাজ করা হচ্ছে, তা নিয়ে পুলিশের তরফে স্পষ্ট কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি।
এই আবহে সামনে এসেছে রাজ্য পুলিশের ডিজি (আইনশৃঙ্খলা) অজয় রানাডের একটি নির্দেশ। গত ২৩ নভেম্বর রাজ্যের সব জেলার পুলিশ সুপার এবং কলকাতা বাদে অন্য কমিশনারেটের কমিশনারদের কাছে ওই নির্দেশ পাঠানো হয়। সেখানে একটি ‘স্বাধীন গবেষক গোষ্ঠী’ তৈরি করে ট্রাইবুনালে আপিল করা ভোটারদের তথ্য সংগ্রহ ও পর্যালোচনার কথা বলা হয়েছে। একটি ওয়েবসাইটে থাকা সংশ্লিষ্ট তথ্য ডাউনলোড করে তা খতিয়ে দেখার নির্দেশও দেওয়া হয়েছে। ৩০ নভেম্বরের মধ্যে এই বিষয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কী ভাবে এই কাজ সম্পন্ন করতে হবে, তা নিয়ে ভিডিয়ো বৈঠকের কথাও উল্লেখ রয়েছে ওই নির্দেশে।
এই নির্দেশ থেকেই স্পষ্ট, রাজ্যের সর্বত্র এই তথ্য সংগ্রহের কাজে পুলিশকে যুক্ত করা হয়েছে। কিন্তু ভোটার তালিকা সংশোধন এবং এসআইআর সংক্রান্ত বিষয় নির্বাচন কমিশনের এক্তিয়ারভুক্ত। অন্য দিকে, ট্রাইবুনালে বিচারাধীন বিষয় সরাসরি বিচারবিভাগের আওতায়। ফলে এই দুই ক্ষেত্রের মধ্যে পুলিশ কী ভাবে তথ্য সংগ্রহের দায়িত্ব পেল, তা নিয়ে প্রশ্ন উঠছে। রাজ্য পুলিশ বা প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এর কোনও স্পষ্ট ব্যাখ্যা মেলেনি।
এদিকে, বিজেপির একাধিক বিধায়ক ভোটারদের পুলিশের সঙ্গে সহযোগিতা করার আবেদন জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট করছেন। নৈহাটির বিজেপি বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় ট্রাইবুনালে বিচারাধীন ভোটারদের সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি জন্মশংসাপত্র-সহ প্রয়োজনীয় নথি এবং সেগুলির প্রতিলিপি নিয়ে থানায় যাওয়ার কথাও বলা হয়েছে তাঁর পোস্টে। এই প্রসঙ্গেই কংগ্রেস নেতা প্রসেনজিৎ বসু প্রশ্ন তুলেছেন, বিজেপির অনুমোদনেই কি পুলিশ এই তথ্য সংগ্রহের কাজ করছে?
পুলিশের এই ভূমিকা নিয়ে সরব হয়েছেন আইনজীবীরাও। আইনজীবী শামিম আহমেদের বক্তব্য, ভোটার তালিকা সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পুলিশের নেই। তাঁর অভিযোগ, এই ধরনের তথ্য সংগ্রহের মাধ্যমে ভোটারদের মধ্যে ভয় তৈরি করার চেষ্টা চলছে। তাঁর মতে, ভোটার তালিকা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার একমাত্র নির্বাচন কমিশনের, পুলিশের নয়।
বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগও একই রকম। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর দাবি, এই পদক্ষেপের ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হতে পারে। তাঁর অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়ার পর তৈরি হওয়া ক্ষোভ সামাল দিতেই প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে।
তৃণমূল বিধায়ক কুণাল ঘোষও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, নির্বাচন কমিশন যদি পুলিশকে এই দায়িত্ব দিয়ে থাকে, তা হলে কমিশনের তরফে বিষয়টি স্পষ্ট করা উচিত। অন্যথায় পুলিশ কোন অধিকারে ভোটারদের ব্যক্তিগত নথি সংগ্রহ করছে, তার জবাব দিতে হবে। তাঁর অভিযোগ, বিচারাধীন ভোটারদের উপর চাপ তৈরির উদ্দেশ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে।
অন্য দিকে, বিভিন্ন জেলার প্রশাসনিক কর্তাদের একাংশের দাবি, এই তথ্য সংগ্রহের বিষয়ে তাঁদের কাছে কোনও স্পষ্ট নির্দেশ বা বিস্তারিত তথ্য নেই। ফলে প্রশাসনের বিভিন্ন স্তরেও বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
পুলিশের এই পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছেন সিপিএম নেতা শমীক লাহিড়ি। জনপ্রতিনিধিত্ব আইনের সংশ্লিষ্ট ধারার উল্লেখ করে তাঁর প্রশ্ন, নির্বাচন কমিশনের এক্তিয়ারভুক্ত বিষয়ে পুলিশ কোন আইনি ক্ষমতাবলে হস্তক্ষেপ করছে? বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন এবং তার দপ্তরের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

শুক্রবারও রাজ্যের বিভিন্ন এলাকায় পুলিশকর্মীদের পাশাপাশি সিভিক ভলান্টিয়ারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে দেখা গিয়েছে বলে অভিযোগ। যে ফর্মে ভোটারদের তথ্য নথিভুক্ত করা হচ্ছে, তাতে কোনও সরকারি দপ্তরের নাম বা পরিচয় উল্লেখ নেই বলেও অভিযোগ উঠেছে। এমনকি জন্মশংসাপত্র, আধার কার্ড এবং জমির দলিলের মতো গুরুত্বপূর্ণ নথির প্রতিলিপি জমা নেওয়া হলেও তার কোনও প্রাপ্তি স্বীকারের রসিদ দেওয়া হচ্ছে না বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ভোটারদের একাংশ।
এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক করছেন বিরোধী রাজনৈতিক দলের স্থানীয় নেতারা। পুলিশের হাতে ব্যক্তিগত নথি তুলে দেওয়ার আগে বিষয়টি যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে তাঁদের তরফে। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর কমিশনারেটের অধীন ভবাগাছি-শিবদাসপুর এলাকায় এই তথ্য সংগ্রহের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলায় আনিসুর আলি খান নামে এক পঞ্চায়েত সদস্যকে দীর্ঘক্ষণ থানায় আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ করেন তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম।
কলকাতা হাই কোর্টের আইনজীবী ঋতম চট্টোপাধ্যায়ের বক্তব্য, পুলিশের মূল দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষা করা। নির্বাচন কমিশনের মতো স্বাধীন সাংবিধানিক সংস্থার কাজে পুলিশের হস্তক্ষেপ করার এক্তিয়ার নেই। এসআইআর নিয়ে গবেষণার সঙ্গে যুক্ত সাবির আহমেদেরও দাবি, ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ে পুলিশের কোনও ভূমিকা থাকার কথা নয়। তাঁর মতে, এই ধরনের পদক্ষেপ গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করছে।
সব মিলিয়ে ট্রাইবুনালে বিচারাধীন ভোটারদের তথ্য সংগ্রহকে কেন্দ্র করে রাজ্য প্রশাসন, নির্বাচন কমিশন এবং বিচারবিভাগের এক্তিয়ার নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টে বিষয়টি উত্থাপিত হওয়ার পর এখন কলকাতা হাই কোর্টে এই নিয়ে কী পদক্ষেপ হয়, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।
