রাজনৈতিক মহলে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনাই সত্যি হল। রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। বৃহস্পতিবার তাঁর পদত্যাগপত্র জমা পড়ার খবর সামনে আসতেই নতুন করে চর্চা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের সাংসদদের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে।
এর আগে তৃণমূলের আরও দুই রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় এবং সুস্মিতা দেব রাজ্যসভা থেকে পদত্যাগ করেছিলেন। বৃহস্পতিবার সেই তালিকায় নাম লেখালেন কোয়েল মল্লিক। তাঁর ইস্তফার ফলে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা কমে দাঁড়াল ৯-এ।
বিধানসভা ভোট ঘোষণার আগে কোয়েল মল্লিককে রাজ্যসভায় পাঠিয়েছিল তৃণমূল নেতৃত্ব। সাংসদ হওয়ার পর দিল্লির নতুন সংসদ ভবন পরিদর্শন থেকে শুরু করে দলীয় প্রচারেও সক্রিয় ভূমিকা নিতে দেখা গিয়েছিল তাঁকে।
তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বিতর্ক এড়িয়ে নিজেকে সক্রিয় রাজনীতি থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেই রাজনৈতিক মহলের একাংশের ধারণা। গত কয়েকদিনে একের পর এক সাংসদের পদত্যাগে রাজ্যসভার অঙ্ক দ্রুত বদলাতে শুরু করেছে।
সূত্রের খবর, এখানেই শেষ নয়। আগামী দিনেও আরও কয়েকজন সাংসদের পদত্যাগের সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি তৃণমূল কংগ্রেস।
