২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর দ্বিতীয়বার আসামের মুখ্যমন্ত্রী (Assam Chief Minister) হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। একই সঙ্গে টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরল বিজেপি (BJP) নেতৃত্বাধীন এনডিএ (NDA) সরকার।
গুয়াহাটির খানাপাড়ার ভেটেরিনারি কলেজ ময়দানে আয়োজিত শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), অমিত শাহ (Amit Shah), রাজনাথ সিং (Rajnath Singh), বিজেপির সভাপতি নীতিন নবীন (Nitin Nabin)-সহ একাধিক শীর্ষ নেতা।
১২৬ আসনের বিধানসভায় বিজেপি জিতেছে ৮২টি আসনে। শরিক অসম গণ পরিষদ (AGP) এবং বোডোল্যান্ড পিপলস ফ্রন্ট (BPF) পেয়েছে ১০টি করে আসন। সব মিলিয়ে এনডিএ জোটের আসন সংখ্যা দাঁড়িয়েছে ১০২।
হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে শপথ নেন রামেশ্বর তেলি, অতুল বরা, চরণ বরা এবং অজন্তা নেওগ। অন্যদিকে রঞ্জিত কুমার দাসকে বিধানসভার অধ্যক্ষ পদের জন্য এনডিএ-র প্রার্থী করা হয়েছে।
নিজের কেন্দ্র জলুকবাড়ি থেকে ৮৯ হাজারের বেশি ভোটে জয় পেয়েছেন হিমন্ত। প্রধানমন্ত্রী মোদী তাঁকে ‘দক্ষ প্রশাসক’ বলে প্রশংসা করেছেন।
রাজনৈতিক মহলের মতে, ২০১৫ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই উত্তর-পূর্বে বিজেপির অন্যতম প্রধান মুখ হয়ে ওঠেন হিমন্ত বিশ্বশর্মা। বেআইনি অনুপ্রবেশ, জনসংখ্যাগত পরিবর্তন এবং আঞ্চলিক পরিচয়ের প্রশ্নে তাঁর অবস্থান তাঁকে সমর্থক এবং বিরোধী— দুই মহলেই আলোচনার কেন্দ্রে রেখেছে।
