নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর—ভাইফোঁটায় সাধারণত ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বোনেরা কপালে ফোঁটা দেন। কিন্তু সেই চেনা প্রথার বাইরে গিয়ে এবার এক অভিনব উদ্যোগ দেখা গেল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে। ভাইফোঁটার দিন স্থানীয় বিজেপি বিধায়ক রমাপ্রসাদ গিরির উদ্যোগে আয়োজন করা হল ‘গণ বোনফোঁটা’ উৎসব। সেখানে এলাকার মহিলাদের কপালে ফোঁটা দিয়ে তাঁদের সম্মান জানান বিধায়ক।
বুধবার নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক কার্যালয়ের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই সেখানে ভিড় জমাতে শুরু করেন বিজেপির মহিলা কর্মী ও নেত্রীরা। পাশাপাশি এলাকার বহু সাধারণ মহিলাও অনুষ্ঠানে যোগ দেন। প্রত্যেকের কপালে চন্দনের ফোঁটা এঁকে দেন বিধায়ক রমাপ্রসাদ গিরি। শুধু ফোঁটা দেওয়াই নয়, তাঁদের হাতে মিষ্টি ও উপহারও তুলে দেওয়া হয়। মহিলাদের সম্মান এবং সুরক্ষার অঙ্গীকারের কথাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে বিধায়কের স্ত্রীও উপস্থিত ছিলেন। তিনিও মহিলাদের ফোঁটা দিয়ে বরণ করে নেন। নারায়ণগড় পঞ্চায়েত সমিতির সভাপতি রাজশ্রী মণ্ডল বর-সহ এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠানে যোগ দেন। রাজনৈতিক পরিচয়ের গণ্ডি ছাপিয়ে অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন বয়সের মহিলারা।
প্রথাগত ভাইফোঁটার দিনে এই উলটপুরাণ ঘিরে উপস্থিত মহিলাদের মধ্যে উৎসাহ দেখা যায়। বিধায়কের কাছ থেকে ফোঁটা, মিষ্টি ও উপহার পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। ভাইয়ের মঙ্গল কামনায় বোনের ফোঁটার প্রচলিত রীতিকে নতুনভাবে সাজিয়ে নারীদের সম্মান জানানোর এই উদ্যোগ ঘিরে নারায়ণগড়ে তৈরি হয় উৎসবের আবহ।
next post
