28 C
Kolkata
May 12, 2026
রাজ্য

কলকাতায় ধরা পড়ল মাওবাদী নেত্রী ‘বেলা’, আত্মসমর্পণ মাধাই পাত্রের

সংবাদ কলকাতা: কলকাতা পুলিশের (Kolkata Police) হাতে গ্রেপ্তার হলেন ঝাড়খণ্ড পুলিশের খাতায় ‘মোস্ট ওয়ান্টেড’ মাওবাদী নেত্রী শ্রদ্ধা বিশ্বাস ওরফে ‘বেলা’। একই দিনে আত্মসমর্পণ করেছেন মাওবাদী নেতা মাধাই পাত্র। এই দুই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নিরাপত্তা মহলে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজেবিভিআরসি (BJBVRC) রিজিওনাল কমিটির সদস্যা বেলাকে উত্তর কাশিপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। তাঁর মাথার দাম ঘোষণা করা হয়েছিল ১৫ লক্ষ টাকা।

কলকাতা পুলিশ কমিশনার জানিয়েছেন, বেলার বিরুদ্ধে ঝাড়খণ্ডের বিভিন্ন থানায় ২০টিরও বেশি মামলা রয়েছে। তদন্তকারীদের দাবি, পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়ি এলাকা থেকে একসময় মাওবাদী কার্যকলাপ চালাতেন তিনি। পরে জামিনে মুক্তি পেয়ে ফের আত্মগোপনে চলে যান।

বর্তমানে প্রায় ৬০ বছর বয়সী বেলা অসুস্থ বলেও জানা গিয়েছে। তবে তাঁর সঙ্গে কারা যোগাযোগ রাখছিলেন এবং কোনও ‘স্লিপার সেল’ সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

অন্যদিকে, হুগলির জাঙ্গিপাড়ার বাসিন্দা মাধাই পাত্র কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। ২০০৭ সাল থেকে তিনি মাওবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি পুলিশের। মাধাই জানিয়েছেন, আদর্শগত পরিবর্তন এবং সাধারণ জীবনে ফেরার ইচ্ছা থেকেই তিনি আত্মসমর্পণ করেছেন।

পুলিশ জানিয়েছে, কেন্দ্র ও রাজ্যের পুনর্বাসন নীতির আওতায় তাঁকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এই দুই ঘটনা প্রমাণ করছে যে জঙ্গলমহল এলাকায় মাওবাদী সংগঠনের ভিত ক্রমশ দুর্বল হচ্ছে।

Related posts

Leave a Comment