November 11, 2026
Uncategorized

জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে মুখ্যমন্ত্রী, ইডেনের ধাঁচে অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা, হুগলি— আর মাত্র চার দিনের অপেক্ষা। তারপরই শুরু হবে চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো। এবারের উৎসবে বিশেষ আকর্ষণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চন্দননগর সফর। আগামী ১৩ নভেম্বর, চতুর্থীর দিন শহরে যাওয়ার কথা তাঁর। কলকাতার ইডেন গার্ডেন্সের আদলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সেই অনুষ্ঠানেই যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। তাঁর সফর এবং পুজোর আনুষ্ঠানিক উদ্বোধনকে সামনে রেখে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলা প্রশাসন ও পুলিশ।

মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার চন্দননগরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন হুগলির জেলাশাসক খুরশিদ আলি কাদরি, পুলিশ কমিশনার সুনীলকুমার যাদব, চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ, মহকুমাশাসক-সহ প্রশাসনের একাধিক আধিকারিক। কুঠির মাঠ, স্ট্যান্ড রোড এবং শহরের গুরুত্বপূর্ণ রাস্তা ও পুজোমণ্ডপ ঘুরে দেখেন তাঁরা। মুখ্যমন্ত্রী কোন কোন এলাকায় যেতে পারেন, সম্ভাব্য সেই পথ ও স্থানগুলিও খতিয়ে দেখা হয়।

আগামী ১৩ নভেম্বর মুখ্যমন্ত্রীর হাত দিয়েই জগদ্ধাত্রী পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা। সূত্রের খবর, চন্দননগরের আদি মা এবং হালদার পাড়ার প্রতিমা দর্শনেও যেতে পারেন তিনি। পাশাপাশি তেমাথা সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনেও তাঁর উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। সেই কারণে সম্ভাব্য যাতায়াতের পথ, নিরাপত্তা এবং জনসমাগম নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়ে বিশেষ সতর্ক প্রশাসন।

মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে চন্দননগর স্ট্যান্ড রোডকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। বিপ্লবীদের ছবি দিয়ে সাজানো হচ্ছে রাস্তার বিভিন্ন অংশ। থাকছে আলপনা এবং বর্ণময় আলোকসজ্জা। এমনিতে আলোর শহর হিসেবে পরিচিত চন্দননগর। জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে এবারও গোটা শহরকে আলোয় সাজিয়ে তোলা হয়েছে। রাস্তা থেকে পুজোমণ্ডপ— সর্বত্রই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

উৎসবের দিনগুলিতে গঙ্গার ধারের এই শহরে কয়েক লক্ষ মানুষের সমাগম হয়। ফলে ভিড় সামলানো এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। শহরের পুজোমণ্ডপগুলিতে প্রবেশ ও বেরনোর পথ, যান চলাচল, নিরাপত্তা এবং সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করা হচ্ছে। জেলাশাসক খুরশিদ আলি কাদরি জানিয়েছেন, জগদ্ধাত্রী পুজোকে সামনে রেখেই এই পরিদর্শন। উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষ ও দর্শনার্থীরা যাতে কোনও সমস্যায় না পড়েন, তার জন্য আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে।

অন্যদিকে, চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির উদ্যোক্তাদের দাবি, তাঁদের পুজোয় ভিআইপি সংস্কৃতির বিশেষ জায়গা নেই। সাধারণত ভিআইপি কার্ডের মাধ্যমে মণ্ডপে প্রবেশের ব্যবস্থাও থাকে না। সকল দর্শনার্থী যাতে নির্বিঘ্নে প্রতিমা দর্শন করতে পারেন, সেটাই তাঁদের লক্ষ্য।

এবার চন্দননগরের জগদ্ধাত্রী পুজোকে রাজ্য উৎসবের মর্যাদা দিয়েছে রাজ্য সরকার। বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে স্থানীয় প্রশাসন। চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ জানিয়েছেন, রাজ্য উৎসবের মর্যাদা পাওয়ার পর আগামী ১৩ নভেম্বর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। আলোর ঐতিহ্য, বিপ্লবীদের স্মৃতি এবং জগদ্ধাত্রী পুজোর দীর্ঘ ইতিহাসকে আরও বড় পরিসরে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে চন্দননগরে এখন প্রস্তুতির ব্যস্ততা তুঙ্গে।

Related posts

Leave a Comment