November 11, 2026
Uncategorized

সোনার চোখ নিয়েই গঙ্গায় বিসর্জন বড়মার

নিজস্ব সংবাদদাতা, নৈহাটি— চার দিনের বিশেষ আরাধনা শেষে এবার এক বছরের জন্য বিদায় নেবেন নৈহাটির বড়মা। প্রিয় দেবীকে বিদায় জানাতে প্রতি বছরের মতো এবারও হাজার হাজার ভক্তের সমাগম হতে চলেছে নৈহাটিতে। বড়মার বিসর্জন শুধু একটি ধর্মীয় রীতি নয়, ভক্তদের কাছে আবেগ ও ঐতিহ্যের এক বিশেষ মুহূর্ত। আর সেই নিরঞ্জন ঘিরেই রয়েছে একাধিক আকর্ষণীয় রীতি।

বড়মার বিসর্জনের অন্যতম বিশেষত্ব হল, দেবীর শরীরের সমস্ত সোনার ও রুপোর অলংকার খুলে নেওয়া হলেও তাঁর সোনার চোখ দুটি প্রতিমার সঙ্গেই গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। প্রায় ১০০ গ্রাম ওজনের এই সোনার চোখ নিয়েই গঙ্গার জলে বিলীন হন বড়মা। বিসর্জনের আগে অবশ্য লক্ষাধিক টাকা মূল্যের ফুলের গয়নায় নতুন করে সাজিয়ে তোলা হয় দেবীকে। ফলে নিরঞ্জনের আগে বড়মার সাজও হয়ে ওঠে বিশেষ আকর্ষণের কেন্দ্র।

জানা যায়, নৈহাটিতে বড় কালীপুজোর সূচনা হয়েছিল বিশিষ্ট সমাজসেবী ভবেশ চক্রবর্তীর উদ্যোগে। তিনি নদীয়া জুটমিলের কর্মী ছিলেন। একবার নবদ্বীপের রাস উৎসবে গিয়ে বিশালাকার প্রতিমা দেখে অনুপ্রাণিত হন তিনি। সেই ভাবনা থেকেই নৈহাটিতে বড় কালীপুজোর প্রচলন। সময়ের সঙ্গে সঙ্গে সেই বিশালাকার কালীপ্রতিমাই ভক্তদের কাছে ‘বড়মা’ নামে পরিচিতি লাভ করে। অরবিন্দ রোডের মণ্ডপে অধিষ্ঠিত সুউচ্চ এই প্রতিমাকে ঘিরে প্রতি বছরই তৈরি হয় ব্যাপক উন্মাদনা।

বিসর্জনের দিন সকালে রাজবেশে সাজানো হবে বড়মাকে। হবে বিশেষ পুজো ও বরণের আয়োজন। এরপর নিয়ম মেনে খুলে নেওয়া হবে দেবীর সোনার ও রুপোর অলংকার। তবে ঐতিহ্য মেনে সোনার চোখ দুটি প্রতিমার সঙ্গেই রাখা হবে। ফুলের গয়নায় সজ্জিত বড়মাকে শেষবারের মতো দর্শন করে বিদায় জানাবেন ভক্তরা।

পুজো কমিটি সূত্রে খবর, এবার বিসর্জনের শোভাযাত্রায় আরও একটি বিশেষ আকর্ষণ যুক্ত হতে পারে। সবকিছু পরিকল্পনামাফিক হলে শোভাযাত্রার পথে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হবে। দুপুর সাড়ে ৩টে থেকে ৪টের মধ্যে অরবিন্দ রোডের মণ্ডপ থেকে শুরু হবে নিরঞ্জনের যাত্রা। চাকা লাগানো বিশাল ট্রলিতে চাপিয়ে বড়মাকে নিয়ে যাওয়া হবে নৈহাটি ফেরিঘাট সংলগ্ন গঙ্গার ঘাটে। সেখানেই নির্দিষ্ট রীতি মেনে সম্পন্ন হবে দেবীর নিরঞ্জন।

এক বছরের অপেক্ষা শুরু হবে তারপর থেকেই। কিন্তু বড়মার বিদায়ের মুহূর্তে নৈহাটির গঙ্গার ঘাটে ভক্তদের আবেগ, উন্মাদনা এবং ঐতিহ্যের মেলবন্ধন যে আরও একবার দেখা যাবে, তা বলাই বাহুল্য।

Related posts

Leave a Comment